২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছেলে, আইনজীবীদের ‘রিভিউ চাইতে’ বলেছেন নিজামী

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত আমির মতিউর রহমান নিজামী আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 05:13 PM

Updated : 20 Aug 2022, 12:10 PM

বুধবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারে গিয়ে নিজামীর সঙ্গে সাক্ষাতের পর তার আইনজীবী মতিউর রহমান আকন্দ এ কথা জানান।

নিজামীর ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন এবং দুই আইনজীবী মো. মশিউল আলম ও মতিউর রহমান বেলা ১টা ৩৫ মিনিটে কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ এ প্রবেশ করেন।

আধা ঘণ্টার বেশি সময় তারা নিজামীর সঙ্গে আলোচনা করেন বলে এ কারাগারের সুপার প্রশান্ত কুমার বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। 

সুপ্রিম কোর্ট এ মামলায় নিজামীর আপিলের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি প্রকাশের পর মঙ্গলবার রাতে আসামির মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারিক আদালত থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার ঘুরে লাল শালুতে মোড়ানো সেই মৃত্যু পরোয়ানা সকালে কাশিমপুরে পৌঁছালে নিজামীকে তা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ।

সে সময় জামায়াত আমিরকে ‘চিন্তিত’ দেখাচ্ছিল বলে জেল সুপার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন।

দুপুরে নিজামীর সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে নিজামীর আইনজীবী মতিউর রহমান আকন্দ বলেন, “যেসব ঘটনায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সে সময় তিনি ঘটনাস্থলেই ছিলেন না। তিনি সুবিচার পেতে রিভিউ আবেদন করবেন বলে জানিয়েছেন।”

Image
মতিউর রহমান নিজামী (ফাইল ছবি)

মতিউর রহমান নিজামী (ফাইল ছবি)

নির্ধারিত ১৫দিন সময়ের মধ্যেই এই রিভিউ আবেদন জমা দেওয়া হবে বলে জানান তিনি।

আসামিপক্ষ রিভিউ আবেদন করলে তার নিষ্পত্তি হওয়ার আগে দণ্ড কার্যকর করা যাবে না। রিভিউ না টিকলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা তিনি চাইতে পারবেন নিজামী।

দুই আর্জিই নাকচ হলে সরকারের সিদ্ধান্ত অনুসারে কারা কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে। তার আগে আসামির সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন পরিবারের সদস্যরা।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাবনায় হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী গণহত্যার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।  চলতি বছর ৬ জানুয়ারি আপিল আংশিক মঞ্জুর করে সেই ফাঁসির রায়ই বহাল রাখে সর্বোচ্চ আদালত।

জামায়াত আমির নিজামী একাত্তরে ছিলেন দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের নাজিমে আলা বা সভাপতি এবং সেই সূত্রে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত আল বদর বাহিনীর প্রধান।

স্বাধীনতাকামী বাঙালির ওপর দমন-পীড়ন চালাতে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত রাজাকার বাহিনী ও শান্তি কমিটিতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে এ মামলার বিচারে উঠে আসে।

বিগত চার দলীয় জোট সরকারের এই মন্ত্রী চট্টগ্রামের চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলারও মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি।