ভিওআইপির সিম ৩ ঘণ্টায় বন্ধ না হলে ব্যবস্থা
অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত সিম চিহ্নিত করার তিন ঘণ্টার মধ্যে তা বন্ধ না হলে মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার সচিবালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বিষয়ক মোবাইল অপারেটরদের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী জানিয়েছেন।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি, বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক আস, এয়ারটেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পিডি শর্মা, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গিয়াস উদ্দিন আহমেদসহ অন্যান্য অপারেটরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, “শুধু টেলিটকের সিম দিয়ে অবৈধ ভিওআইপি হয় তা ঠিক নয়। সব অপারেটরের সিম দিয়ে অবৈধ ভিওআইপি হতে পারে। সব অপারেটরে জন্য একই আইন।
“অপরাধীরা মনে করে, সরকারি মালিকাধীন টেলিটকের সিম দিয়ে অবৈধ ভিওআইপি করলে ধরা ছোঁয়া যাবে না তা ঠিক নয়, এ বিষয়ে কোনো অপারেটরকে ছাড় দেওয়া হবে না।”
বিটিআরসিতে ওই বৈঠকের বিষয়ে সচিব আরও বলেন, “বৈঠক প্রতিমন্ত্রী বিটিআরসিকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, কোন কোন অপারেটরের সিমে অবৈধ ভিওআইপি হচ্ছে তা চিহ্নিত করার সাথে সাথে অপারেটরদের জানাতে হবে।
“এর সর্বোচ্চ তিন ঘণ্টার মধ্যে সেই সিম ‘ব্লক’ করতে হবে অপারেটরদের। এ সময়ের মধ্যে সিম ‘ব্লক’ করতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
