২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা ধামাচাপায় ঘুষ: তারেকের মামলা চলবে

বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষের মামলা বাতিল চেয়ে বিএনপি নেতা তারেক রহমানসহ চার আসামির আবেদন খারিজ করে স্থগিতাদেশ তুলে নিয়েছে হাই কোর্ট।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 12:09 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

ওই মামলা বাতিল প্রশ্নে চার আবেদনের প্রেক্ষিতে রুলের ওপর শুনানি শেষে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হকের হাই কোর্টের বেঞ্চ বুধবার এই রায় দেয়।

এই রায়ের ফলে নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম চালাতে আর কোনো বাধা থাকলো না বলে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন।

অপর তিন আবেদনকারী হলেন- চার দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুফিয়ান ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৪ জুলাই বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির খুন হলে একটি হত্যা মামলা হয়।

ওই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ২০০৭ সালের ৪ অক্টোবর দুদকের উপ-পরিচালক আবুল কাসেম রমনা থানায় এই মামলা করেন, যাতে ছয়জনকে আসামি করা হয়।

২০০৮ সালের ২৩ এপ্রিল তারেক রহমানসহ আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। সে সময় জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালতে ২০০৮ সালের ১৪ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।  

এরপর মামলা দায়ের ও অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে আবেদন করেন তারেক রহমানসহ চারজন।

প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট ওই বছরই রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। ওই রুলের ওপর চলতি বছর শুনানি শুরু হয়। ১৬ ফেব্রুয়ারি আদালত শুনানি শেষ করে রায়ের দিন ঠিক করে দেয়।

আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার  মাহবুবউদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সানজীদ সিদ্দিকী।

আসামি আবু সুফিয়ানের পক্ষে মো. দেলোয়ার হোসেন, বাবরের পক্ষে এস এম শাহজাহান শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।  

বুধবার রায়ের পর খুরশীদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত রুলগুলো খারিজ করে রায় দিয়েছে এবং স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। ফলে মামলা চলতে আইনগত কোনো বাধা নেই।

“আদালত বলেছে, উনারা (চারজন) জামিনে থাকবেন। তবে কেউ অপব্যাহার করলে বিচারিক আদালতের স্বাধীনতা থাকবে জামিন কেটে দেওয়ার।”

সাব্বির হত্যা মামলা থেকে আসামিরা খালাস পেলে ঘুষের এই মামলা কীভাবে চলে- এই যুক্তিতে মামলাটি বাতিলের আবেদন করেছিল আসামিপক্ষ।

খুরশীদ আলম বলেন, “কীভাবে ঘুষ লেনদেন হয়েছে তার বিশদ বর্ণনা দেওয়া আছে এ মামলার অভিযোগপত্রে। সেসব সাক্ষ্য প্রমাণের মাধ্যমে বিচারের বিষয়। সুতরাং ঘুষের মামলার ভবিষ্যৎ কি হবে- তা বিচারিক আদালতই নির্ধারণ করবে।”

আসামিপক্ষের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, এ মামলার এজাহারে তারেক রহমানের নাম না থাকলেও পরে অভিযোগপত্রে যোগ করা হয়।

“আমরা মনে করি, এ মামলা চলতে পারে না। আমরা তারেক রহমান সাহেবের সঙ্গে কথা বলব। যদি উনি নির্দেশ দেন, তাহলে আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব। আশা করি সর্বোচ্চ আদালতে ন্যায়বিচার পাব।”

জরুরি অবস্থার সময় গ্রেপ্তার হলেও ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে ‘চিকিৎসার জন্য’ যুক্তরাজ্যে যান তারেক। এর পর থেকে পরিবার নিয়ে তিনি সেখানেই আছেন।

পুরনো খবর:

হত্যা ধামাচাপায় ঘুষ: তারেকের আবেদনে রায় ১৬ মার্চ