২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুটানের রাণীমাতার সাক্ষাৎ

বাংলাদেশ ও ভুটানের মধ্যে মোটর ভেহিকেল চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল) করিডোর চালু হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধিত হবে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2016, 12:38 AM

Updated : 20 Aug 2022, 12:11 PM

মঙ্গলবার সন্ধ্যায় ভুটানের রাণীমাতা এবং ইয়ুথ ডেভেলপমেন্ট ফান্ডের সভাপতি শেরিং পেম ওয়াংচুক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে তিনি একথা বলেন।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে জানান।

বাংলাদেশের জনগণের জন্য ভুটানের জনগণের বিশেষ অনুরাগ রয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বৈঠকের শুরুতেই মুক্তিযুদ্ধে বাংলাদেশকে ভুটানের স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন।

দুই দেশের পারস্পরিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, এই সম্পর্ক ও যোগাযোগ এখন আরও সুদৃঢ় হয়ে আন্তঃব্যক্তিক পর্যায়ে উন্নীত হয়েছে।

প্রধানমন্ত্রী ভুটানের সাবেক রাজা জিগমে সিংহে ওয়াংচুকের বাংলাদেশ ভ্রমণকালীন (১৯৭৪) একটি ফটো অ্যালবামও রাণী মাতাকে উপহার দেন।

ভুটানের রাণী মাতা বর্তমান সরকারের সময়ে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে মুগ্ধতা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি ভুটান ও বাংলাদেশের সম্পর্ক উত্তরোত্তর আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী ভুটানের বর্তমান রাজা-রাণী এবং রাজমাতাকে রাজসিংহাসনের উত্তরাধিকারী পাওয়াতে অভিনন্দন জানান এবং তার ভুটান সফরের স্মৃতিচারণ করেন।

ভুটানের বর্তমান রাজা জিগমে কেসর নামগয়াল ওয়াংচুক সম্প্রতি এক ছেলে সন্তানের বাবা হয়েছেন।

সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত জিষ্ণু রায় চৌধুরী এবং বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত ওম পেমা সরেন উপস্থিত ছিলেন।

পরে ভুটানের রাণীমাতার সম্মানে প্রধানমন্ত্রী আয়োজিত এক নৈশভোজে রাণীমাতা যোগ দেন।