২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লোকজ’ আবহে ঢাবিতে বসন্ত উৎসব

ফাল্গুনের শেষ ও চৈত্রের প্রথমদিন অর্থাৎ বসন্তের মাঝমাঝি প্রথমবারের মতো পুরোপুরি লোকজ ঢংয়ে বসন্ত উসব পালন করল ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 09:43 PM

Updated : 11 Oct 2022, 07:56 PM

উৎসবস্থল বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বাপ্পা মজুমদার অ্যান্ড ফ্রেন্ডস, জলের গান ও কিরণ চন্দ্র রায়ের গান।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের জাঁকজমকপূর্ণ গ্রামীণ সংস্কৃতির নানা পরিবেশনার পাশাপাশি ছিল ভাওয়াইয়া, ভাটিয়ালি, গম্ভীরা, গীতিনাট্য, নকশী কাঁথার মাঠের মঞ্চায়ন, মঞ্চনাটক, পুঁথি পাঠ, আবৃত্তি।

উৎসবে হাওয়া মিঠাই, নানা ধরনের পিঠা, নাগরদোলা, বায়োস্কোপ, বানর খেলা, সাপের খেলা, মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র, মেয়েদের জন্য চুড়ি এবং মেহেদি কর্নারও ছিল।

এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

উৎসবের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি (ডিইউসিএস)।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যব্যক্তিত্ব আলী যাকের, বসুন্ধরা গ্রুপের প্রধান ব্র্যান্ড কর্মকর্তা সলিমউল্লাহ সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটির সভাপতি ওয়াসেক সাজ্জাদ ও সাধারণ সম্পাদক আহসান রনি প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরেফিন সিদ্দিক বলেন, “সংস্কৃতি আমাদের শক্তি। বাঙালীরা সব সময় সংস্কৃতিমনস্ক। এই সংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাঙালী জাতি ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলনসহ অন্যান্য সকল গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছে।

“বাঙালীদের সাথে পাকিস্তানীদের বিভিন্ন বৈষম্যের মধ্যে সাংস্কৃতিক বৈষম্য ছিল অন্যতম। যে কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় আবহমান বাংলার লোকজ সংস্কৃতির রক্ষা, চর্চা ও বিকাশের কথা বলতেন।”

উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য বাসন্তী শোভাযাত্রা বের করা হয়।