২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নারী আন্দোলন কোনো বিশেষ দলের শাখা না’

নারীর প্রতি বৈষম্য দূর করতে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন জরুরি বলে এক সভায় অভিমত এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2016, 02:01 AM

Updated : 20 Aug 2022, 12:09 PM

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোমবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ‘ইউএন ওমেন’ নামের একটি সংগঠন এ সভা আয়োজন করে। সভায় তরুণ-তরুণীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নারীনেত্রীরা।

নারী আন্দোলনের ভূমিকা কী- এমন প্রশ্নে বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম বলেন, “নারী আন্দোলন সব সময় সব সমাজে সব দেশে একটি বিশেষ ফোর্স হিসেবে কাজ করেছে।

“নারী আন্দোলন কোনো বিশেষ দলের শাখা না। কিন্তু তার নিজের একটি রাজনীতি আছে। সে অসাম্প্রদায়িক। সে ধর্ম, বর্ণ, গোত্র, শ্রেণি নির্বিশেষে সব নারীর কথা চিন্তা করে এবং সব ধরনের নারীদের নিয়ে কাজ করে।”

তিনি বলেন, বাংলাদেশে এ পর্যন্ত নারীর ক্ষমতায়নে যত পদক্ষেপ নেওয়া হয়েছে, নীতি হয়েছে- সব কিছুর পেছনে নারী আন্দোলনের দৃশ্যমান-অদৃশ্যমান ভূমিকা রয়েছে।

‘নিজেরা করি’র নেত্রী খুশি কবির বলেন, “নারীর প্রতি বৈষম্য দূর করতে সমাজের মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে।”

“একসঙ্গে কাজ করব, একসঙ্গে সমাজ বদলাব, আর একসঙ্গে সবাই মিলে প্রমাণ করব, নারী-পুরষ একসঙ্গে কাজ করতে পারে, মানুষ হিসেবে বসবাস করতে পারে; পরস্পরের প্রতি শ্রদ্ধা জানাতে পারে,” বলেন তিনি।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় মহিলা আইনজীবী সমিতি’র সালমা আলী, নারী উদ্যোগ কেন্দ্রে’র মাসুদা খাতুন শেফালী, ওমেন ফর ওমেন’র সালমা খান ও নারী পক্ষে’র শিরীন হক।