২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮ম বেতন কাঠামোর দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি

অষ্টম বেতন কাঠামো দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 01:47 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে দাবি আদায়ে কর্মসূচি ঘোষণা করেন সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছরের ১৯ ডিসেম্বর শর্তহীনভাবে জাতীয় বেতনস্কেল কার্যকর করার দাবিতে সংবাদ সম্মেলন করে ২৭ ডিসেম্বর থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। ২০ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় তড়িঘড়ি করে একটি প্রজ্ঞাপন জারি করে।

“প্রজ্ঞাপনে লেখা ছিল, ‘এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম সার্বিকভাবে পর্যালোচনা করিয়া তাহাদের যোগ্যতাভিত্তিক অনুদান-সহায়তা বৃদ্ধির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ বিভাগ কর্তৃক মূল্যায়নক্রমে প্রাপ্য অনুদান-সহায়তা নতুন বেতনস্কেল বাস্তবায়নের তারিখ অর্থাৎ ১লা জুলাই ২০১৫ হইতে কার্যকর করা সমীচীন হইবে।

“এযাবৎকাল বেসরকারি শিক্ষক-কর্মচারীগণ এমপিওভুক্তির পর থেকে বেতন-ভাতা ‘বেতনের অংশ’ হিসেবে পেয়ে আসছেন। কিন্তু ২০ ডিসেম্বর প্রজ্ঞাপনে অনুদান-সহায়তা শব্দটি যুক্ত করে জাতি গড়ার কারিগর শিক্ষক-কর্মচারীদের অপমান করা হয়েছে।”

অষ্টম জাতীয় বেতনকাঠামো দ্রুত কার্যকর করাসহ ২০ ডিসেম্বরের প্রজ্ঞাপন সংশোধন এবং শিক্ষানীতি-২০১০ বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ৩০ মার্চ সকাল ১১টায় জেলা সদরে এবং জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে শিক্ষক কর্মচারীদের মানববন্ধনসহ বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেমসহ অন্যান্য শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।