২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধা-ভালোবাসায় কবিতার যোদ্ধাকে শেষ বিদায়

রণাঙ্গনের যোদ্ধা, ষাটের দশকের 'উজ্জ্বলতম কবি' রফিক আজাদকে রাষ্ট্রীয় সম্মান জানালো বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2016, 12:11 PM

Updated : 11 Oct 2022, 07:55 PM

পুরনো খবর:

দ্রোহের সুরকার প্রেমের শিল্পী
চলে গেলেন কবি রফিক আজাদ

একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারজয়ী এই কবির মরদেহ সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে পুলিশের একটি চৌকস দল এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেয়।

সরকারের মন্ত্রী, লেখক-শিল্পী-বুদ্ধিজীবী আর নানা ভক্ত পাঠকের শ্রদ্ধার ফুলে ফুলে ছেয়ে যায় কবির কফিন। 

শ্রদ্ধা নিবেদনের পর সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “কবি রফিক আজাদ একজন সংগ্রামী মানুষ ছিলেন। দেশের স্বাধীনতা সংগ্রাম, দেশ রক্ষায় সংগ্রাম করেছেন। সারা জীবন তিনি মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন।”

দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গত শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) মারা যান রফিক আজাদ, তার বয়স হয়েছিল ৭৪ বছর।

কবিপত্নী রাজধানীর তিতুমীর কলেজের অধ্যক্ষ দিলারা হাফিজ সেদিন বলেছিলেন, একজন মুক্তিযোদ্ধা হিসেবে তার স্বামীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে, শুধু এটাই তার চাওয়া।

বিকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে  দাফন করা হয় ‘আজীবন সংগ্রামী’ এই কবিকে।

১৯৪১ সালের ১৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার গুণী গ্রামে রফিক আজাদের জন্ম। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে শুরু করেন শিক্ষকতা।

এরপর বাংলা একাডেমিতে যোগ দিয়ে একাডেমি প্রকাশিত পত্রিকা ‘উত্তরাধিকার’র নির্বাহী সম্পাদক হিসেবে ১৯৭২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি।

সাপ্তাহিক রোববার সম্পাদনার দায়িত্বও পালন করেন তিনি। কাজ করেছেন বাংলাদেশ জুট মিলস করপোরেশন, উপজাতীয় কালচারাল একাডেমি ও জাতীয় গ্রন্থকেন্দ্রে।

রফিক আজাদের জনপ্রিয় অনেক কবিতার মধ্যে সবচেয়ে আলোচিত হল ‘ভাত দে হারামজাদা’। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রেক্ষাপটে তার এই কবিতা।

ওই কবিতার জন্য তৎকালীন ক্ষমতাসীন দলের অনেক নেতার বিরাগভাজন হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবির ‘স্বাধীনতা’য় হস্তক্ষেপ করেননি বলে এক সাক্ষাৎকারে বলেছিলেন রফিক আজাদ।

তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “ব্যক্তিগতভাবে সে আমার ছাত্র ছিল। এ কারণে তার সম্পর্কে আমার জানাশোনা একটু বেশি। সমসাময়িক কালের কবিদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কবি ছিল রফিক।”

রফিক আজাদের প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে অসম্ভবের পায়ে (১৯৭৩); সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে (১৯৭৪); নির্বাচিত কবিতা (১৯৭৫); চুনিয়া আমার আর্কেডিয়া (১৯৭৭) উল্লেখযোগ্য।

ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে তাকে একুশে পদক দেওয়া হয়। ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের পর সাহিত্য কর্মের জন্য আরও অনেক স্বীকৃতি পেয়েছেন তিনি।

একাত্তরে টাঙ্গাইলে আবদুল কাদের সিদ্দিকী নেতৃত্বাধীন কাদেরিয়া বাহিনীর হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এই কবি।

শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কবি নুরুল হুদা বলেন, “আমাদের কালে রফিক আজাদ অর্থ স্বাধীন কমরেড। কবিতায় নান্দনিকতায় মানবিকতায় এবং জীবনাচরনে আমাদের কালের এক শ্রেষ্ঠ জীবনযোদ্ধা, মুক্তিযোদ্ধার নাম রফিক আজাদ। যতদিন বাংলা ও বাঙালি থাকবে, রফিক আজাদ স্বাধীন বাঙালির প্রতীক হয়ে থাকবেন।”

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ ছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, ঢাকা মহানগর আওয়মামী লীগ, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কেন্দ্রীয় খেলাঘর, ঢাকা থিয়েটার, বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ পুস্তক প্রকাশনা সমিতি, জাতীয় জাদুঘরসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কবির কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বেলা ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে কফিন নিয়ে যাওয়া হয় তার পুরনো কর্মস্থল বাংলা একাডেমিতে। জোহরের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ ও পরে ধানমণ্ডির বাসায় হয় জানাজা।

ছেলে অব্যয় আজাদ জানান, বিকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে একুশে পদকপ্রাপ্তদের সারিতে চিরনিদ্রায় শায়িত হন কবি রফিক আজাদ।