বেবিচকের শীর্ষ পদে পরিবর্তন
শাহজালালের ‘নিরাপত্তা ত্রুটির’ কারণ দেখিয়ে ব্রিটিশ সরকার ঢাকা থেকে সরাসরি কার্গো ফ্লাইটের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পর নানামুখি আলোচনার মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) শীর্ষ পদে পরিবর্তন এনেছে সরকার।
আর ওই দায়িত্ব চালিয়ে আসা এয়ার ভাইস মার্শাল এম সানাউল হককে রোববার বিমান বাহিনীতে ফেরত পাঠানোর আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত মঙ্গলবার যুক্তরাজ্য সরকারের ওয়েবসাইটে ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়ে বলা হয়, সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় দেখা গেছে, আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিতের প্রয়োজনীয় কিছু বিষয় সেখানে পূরণ করা হয়নি।
যুক্তরাজ্য বার বার তাগাদা দেওয়ার পরও সিভিল এভিযেশন কর্তৃপক্ষ পাঁচ মাসেও কেন ঘাটতি পূরণে কার্যকর পদক্ষেপ নিতে পারেনি- সেই প্রশ্ন ওঠে এরপর।
নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সরকারকে দ্রুত উদ্যোগী হওয়ার আহ্বান জানায়। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সরকার আশু ব্যবস্থা না নিলে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
ওই নিষেধাজ্ঞা আসার পর জরুরি বৈঠক করে বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন,শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন তদারকে চলতি মাসের বাকি দিনগুলো সচিবকে নিয়ে বিমানবন্দরেই অফিস করবেন তিনি।
