২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে: ভূমিমন্ত্রী

শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে মন্তব্য করে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ষড়যন্ত্রকারীদের নিশ্চিহ্ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 06:17 PM

Updated : 20 Aug 2022, 12:08 PM

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার পর থেকে রাষ্ট্র যেভাবে এগিয়ে যাচ্ছে, তা রুখতে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এদেরকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতে হবে।”

ডিজিটাল বাংলাদেশ ফোরাম ‘বঙ্গবন্ধু-মহান মুক্তিযুদ্ধ ও আজকের ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় ভূমিমন্ত্রী শিক্ষার্থীদেরকে আধুনিক জ্ঞান-বিজ্ঞানে আলোকে গড়ে তোলার উপর গুরুত্ব দেন।

তিনি বলেন, “মেধা শুধু আল্লাহ দিলেই হবে না। সেটি বিকাশিত করার জন্য উপযুক্ত পরিবেশ দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে পরিবেশ রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন।”

ডিজিটাল বাংলাদেশ গড়তে সাধারণ মানুষের জন্য পাঁচটি মৌলিক অধিকার বাস্তবায়ন করতে রাষ্ট্র কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন এ আওয়ামী লীগনেতা।

সংগঠনের সভাপতি এম কে এম রানা চৌধুরীর সভাপতিত্বে সভায় অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম অহিদুজ্জামান, এফবিসিসিআইয়ের পরিচালক মো. আমিন হেলালী, শেখ ফজলে ফাহিম, জনতা ব্যাংকের পরিচালক মাহবুবুর রহমান হিরণ উপস্থিত ছিলেন।