জঙ্গি তৎপরতা ঠেকাতে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ: মনিরুল
দুই জঙ্গি সংগঠনের নাশকতার মুখে নগরবাসীর নিরাপত্তার স্বার্থেই ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম, ফাইল ছবি
মনিরুল বলেন, “নগরবাসীর সামগ্রিক নিরাপত্তার জন্যই আমরা এই কাজ করছি। জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিম- মূলত এই দুটি জঙ্গি সংগঠনের কার্যকলাপে বাধ্য হয়ে নিরাপত্তার বিষয়টি আমাদের ভাবতে হচ্ছে।
“অতীতে যে হামলাগুলো এই দুটি সংগঠন চালিয়েছে, সেসব ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে জেএমবি কোথাও একটি ঘটনা ঘটালে বা ঘটানোর পরিকল্পনা করলে ঘটনাস্থলের খুব কাছাকাছি তারা দুই তিন মাসের জন্য বাসাভাড়া নেয়, আনসারউল্লাহ নেয় একটু দূরে।”
ঢাকার বিভিন্ন বাড়িতে জঙ্গি ও সন্ত্রাসীদের আস্তানায় বোমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারের একাধিক ঘটনার পর গত বছরের নভেম্বর থেকে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কাজ শুরু করে পুলিশ।
এসব তথ্যের অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার করা এক রিট আবেদন রোববার খারিজ করে দিয়েছে হাই কোর্ট।এর আগে এবিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে উকিল নোটিস পাঠান তিনি।
তবে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের এসব তথ্য অপব্যবহারের কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন সম্প্রতি জঙ্গি প্রতিরোধে গঠিত ‘কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম’ ইউনিটের প্রধান মনিরুল।
“এই তথ্য শতভাগ গোপন রাখা হবে। কোনো প্রজেক্টের মাধ্যমে এগুলো সংগ্রহ করা হচ্ছে না, পুলিশ তার নিজস্ব অর্থায়নে এই তথ্যগুলোর ডাটাবেইজ করবে।
“পুলিশ ও ডিবি (গোয়েন্দা শাখা) ছাড়া অন্য কোনো সংস্থা যথাযথ নিয়মের মধ্যে না আসলে তথ্য দেওয়া হবে না।”
ঢাকা মহানগরের ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের এই কাজ চলতি মাসের মধ্যেই শেষ হবে বলে জানান তিনি।
“আমর সর্বোচ্চ চেষ্টা করব ১৫ মার্চের মধ্যে সকল নগরবাসীর তথ্য সংগ্রহ করার। যদি এ সময়ের মধ্যে করতে না পারি তাহলে কিছু সময় বাড়ানো হবে। তবে এই মাসের মধ্যে শেষ হবে।”
