২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসা নিয়ে কোনো জটিলতা নেই: থাই দূত

থাই ভিসা পেতে দীর্ঘসূত্রতার অভিযোগ নাকচ করে ঢাকায় দেশটির দূতাবাসের শার্জ ডি অ্যাফেয়ার্স ফাসিত সুদাবুদ্ধি বলেছেন, সংবাদমাধ্যমে এ বিষয়ে ‘অনুমানভিত্তিক’ প্রতিবেদন তাদের নজরে এসেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2016, 02:12 PM

Updated : 11 Oct 2022, 07:55 PM

“বাংলাদেশ বিষয়ে আমরা ভিসা নীতিতে কোনো পরিবর্তন করিনি,” রোববার ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে বলেছেন তিনি।

আগামী ১৬ মার্চ শুরু হতে যাওয়া ‘থাইল্যান্ড সপ্তাহ ২০১৬’ সামনে রেখে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এই সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে ১৮ থেকে ১৯ মার্চ বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে থাই পণ্যের প্রদর্শনী হবে। থাইল্যান্ডের পিটিকে উড কোম্পানি লিমিটেড, সুটি ট্যাঙ্কার্স অ্যান্ড স্পেশাল ট্রাকস লিমিটেড এবং বাথরুম ডিজাইন কোম্পানি লিমিটেডসহ দেশটির অনেক ভারী শিল্প পণ্য প্রদর্শন করা হবে সেখানে।

এই প্রদর্শনীর আগে দুই দেশের ব্যবসায়ীদের সেশন থাকবে।

পর্যটন ও চিকিৎসা সেবার জন্য বাংলাদেশিদের অন্যতম পছন্দ থাইল্যান্ড।

তবে সম্প্রতি থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুন্না তাসনিম ব্যাংককে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে বাংলাদেশিদের ভিসা পেতে দীর্ঘসূত্রতার বিষয় তুলে এর সুরাহা চান।

শার্জ ডি অ্যাফেয়ার্স বলেন, ভিসা ইস্যুর ক্ষেত্রে যেসব দূতাবাসা সবচেয়ে বেশি দ্রুত কাজ করে তার মধ্যে এখনও থাই দূতাবাস অন্যতম। দুই থেকে তিনি কর্মদিবসের মধ্যে ভিসা ইস্যু করা হয়।

তবে ‘ক্ষেত্র বিশেষে’ দেরি হয় জানিয়ে তিনি বলেন, এসব বিষয়ে সব সময় তারা  বাংলাদেশি কর্তৃপক্ষকে জানিয়েছেন।

সংবাদ মাধ্যমের খবর নাকচ করে তিনি বলেন, দূতাবাসে ২০ থেকে ৩০ হাজার পাসপোর্ট পড়ে নেই। ট্রাভেল এজেন্সিগুলো থেকে পাওয়া ভুল তথ্যের ভিত্তিতে এ ধরনের অনুমানভিত্তিক সংখ্যার কথা বলা হয়েছে।

“ভিসা প্রক্রিয়া ঘটনার ওপর নির্ভর করে। প্রতিটি ঘটনাই ভিন্ন। তাই দেরি হওয়া নির্ভর করে আবেদনকারীর পূর্বাপর, জমা দেওয়া দলিলপত্র ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের ওপর নির্ভর করে।

“ঢালাওভাবে দোষারোপ করা যাবে না।”