‘টেকসই উন্নয়নে নারীর অংশগ্রহণ আবশ্যক’
টেকসই উন্নয়নের জন্য সমঅধিকার প্রতিষ্ঠাসহ সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অংশীদারিত্ব আবশ্যক বলে মত প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগের বিচারপতি জিনাত আরা।
শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানের একটি হোটেলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মত প্রকাশ করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, বিচার বিভাগে কর্মরত সব নারী বিচারককে সততার সঙ্গে বিচার কাজ পরিচালনার আহ্বানও জানিয়েছেন এই বিচারপতি।
ইউএসএআইডি’র সার্বিক সহযোগিতায় বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন ওই আলোচনা সভার আয়োজন করে।
নারী নেতৃত্ব বিকাশ, নারীর ক্ষমতায়নসহ নারীর প্রতি বৈষম্য বিলোপের জন্য বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন কাজ করে যাচ্ছে বলে সভায় জানান অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা।
সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার হোসনে আরা আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় মহিলা জজ অ্যাসোসিয়েশন সভাপতি ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৫ এর বিচারক তানজিনা ইসমাঈল সভাপতিত্ব করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
