২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি নিজামুল হককে সংবর্ধনা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. নিজামুল হককে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ বেতাগী উপজেলা কল্যাণ সমিতি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 10:54 PM

Updated : 25 Jul 2022, 09:21 PM

নিজামুল হকের ৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিচারপতি নিজামুল আশা প্রকাশ করে বলেন, “আমরা যারা আজ বিভিন্ন স্থানে অবস্থান করছি, সেই স্ব স্ব অবস্থান থেকে আইনের শাসন প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা পালন করতে পরলে বিচার বিভাগের মাধ্যমে মানুষ আরও উপকার পেতে পারে।”

যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে সহায়তা ও অংশগ্রহণের চেষ্টা করলে দক্ষিণাঞ্চল আরও উন্নতি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সমিতির সভাপতি জিয়াউল কবির দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে হাই কোর্ট বিভাগের বিচারপতি এ এন এম বসির উল্লাহ, বিচারপতি এ কে এম জহিরুল হক, বিচারপতি মোহাম্মদ উল্লাহ, সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি গাজী আবদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. হেলাল মিয়া বক্তব্য দেন।

সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়ার সঞ্চলনায় অনুষ্ঠানের শুরুতে বিচারপতি নিজামুল হকের জীবন বৃত্তান্ত তুলে ধরা হয়। পরে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি হাতে ক্রেস্ট তুলে দিয়ে তাকে সম্মান জানানো হয়।

জীবন বৃত্তান্তে বলা হয়, ১৯৫০ সালের ১৫ মার্চ পটুয়াখালী শহরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে নিজামুল হকের জন্ম। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার বেতাগী থানার বিবিচিনি গ্রামের সিকদার বাড়ি।

সভাপতির বক্তব্যে জিয়াউল কবির দুলু বেতাগীর উন্নয়নে বিষখালি নদীতে বেতাগী-কচুয়া পয়েন্টে ফেরি সার্ভিস চালু, বেতাগী সদরে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, বেতাগী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

পুরনো খবর:

আপিল বিভাগে শপথ নিলেন নতুন ৩ বিচারক