২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে লেকের পাশে সড়কে ধস

রাজধানীর গুলশানের ২ নম্বরে লেকের পাশঘেঁষে একটি বাড়ির সামনে হাঁটা পথের প্রায় ৩০ ফুট দীর্ঘ জায়গাজুড়ে ধসের সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2016, 05:27 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

শুক্রবার বিকালে ৫৫ নম্বর সড়কের শেষ প্রান্তে লেকমুখী ২৯ নম্বর বাড়ির সামনে রাস্তার একটি অংশ দেবে যায় বলে গুলশান থানার এসআই কামরুল ইসলাম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই সড়কে লেকের পাশের অংশে সংস্কার কাজ চলার সময় প্রায় ২৫/৩০ ফুট দীর্ঘ একটি অংশ দেবে যায়। ধসের স্থানে বালু ভরাটের কাজ চলছে।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারিধারার একটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে।

Image
ছবি: গুগল স্ট্রিট ভিউ

ছবি: গুগল স্ট্রিট ভিউ

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ৩টা ২২ মিনিটের দিকে তারা ধসের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে টিম পাঠিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনে ‘বিলকিস ভিলা’ নামের ওই বাড়ির মালিক।এর পাশেই রয়েছে ‘কনকর্ড নির্জন’ নামে ২৭/এ নম্বরের বাড়ি।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জে এম জয়নাল আবেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লেকের পাড়ে পাশাপাশি দুটি বাড়ি দেখে মনে হচ্ছে, লেক ভরাট করেই এগুলো নির্মাণ করা হয়েছে। বাড়ির পাশে লেকের অংশটি বেশ সরু হয়ে গেছে।

“জায়গাটা পূর্বের অবস্থায় নিয়ে আসা এখন অগ্রাধিকারমূলক কাজ। বুয়েটের বিশেষজ্ঞরা বিষয়টি খতিয়ে দেখার জন্য ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছেন।”

তাদের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজউক চেয়ারম্যান।