রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীর যাত্রাবাড়ী ও কল্যাণপুরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
যাত্রাবাড়ী থানার ওসি মো. আনিসুর রহমান জানান, শুক্রবার সকালে তার এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক অটোরিকশা যাত্রী নিহত হন।
মাতুয়াইলে এশিয়া পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে চালক কালু মিয়া ও আনুমানিক ৫০ বছর বয়সী ওই যাত্রী গুরুতর আহত হন।
“পথচারীরা দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।”
কল্যাণপুরে আরেক ঘটনায় মো. হাবিবুল্লাহ (২৩) নামে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের এক কর্মচারীর মৃত্যুর খবর দিয়েছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. জুলহাস উদ্দীন।
স্বজনদের বরাতে তিনি বলেন, “হাবিবুল্লাহ ও তার ভগ্নিপতি ফারুক শুক্রবার ভোরে রিকশায় করে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাদের রিকশাকে ধাক্কা দেয়। গুরুতর আহত হাবিবুল্লাহকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
হাবিবুল্লাহর গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীতে বলে এসআই জুলহাস জানান।
