সিএজি কার্যালয়ে উত্তেজনা বেড়েছে
পদোন্নতি ও বেতন-ভাতা নিয়ে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) কার্যালয়ের কর্মচারীদের সঙ্গে সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্মকর্তাদের মধ্যকার উত্তেজনায় নতুন মাত্রা যোগ হয়েছে।
কয়েকজনকে বরখাস্ত-বদলির পর বৃহস্পতিবার বাংলাদেশের সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠান সিএজি কার্যালয়ে গিয়ে দেখা গেছে, কর্মচারীরা বিসিএস কর্মকর্তাদের দুষে দফায় দফায় মিছিল ও পথসভা করছেন।
কর্মকর্তারা অভিযোগ করছেন, সকালে কর্মচারীরা তাদের কয়েকজনকে লাঞ্ছিত করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, চাকরি নিয়মিত করার দাবিতে সিএজি কার্যালয়ের কিছু কর্মচারী আন্দোলন করে আসছিলেন। তাদের চাকরি নিয়মিতকরণে পিএসসির অনুমোদন প্রয়োজন। আন্দোলনের এক পর্যায়ে তারা পিএসসির অধিকাংশ কর্মকর্তার ফেব্রুয়ারির বেতন আটকে দেন।
তিনি বলেন, গত ৬ মার্চ হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) মো. আবুল কাশেম তাদের ডেকে পিএসসি কর্মকর্তাদের বেতন-ভাতার বিল ছেড়ে দিতে বলেন। ৯ মার্চ দুপুর পর্যন্ত কর্মচারীরা তা না ছাড়ায় বিকালে তিনি নিজে দপ্তরে গিয়ে বেশ কিছু বিল ছাড় করেন। পাশাপাশি বেতন আটকে রাখা ১১ কর্মচারীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত এবং ৭ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করেন।
“আন্দোলনে নেতৃত্ব দেওয়াদের বরখাস্ত ও বদলি করায় আজ সকালে কর্মচারীরা তিন কর্মকর্তাকে লাঞ্ছিত করেন। এরপর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।”
“পরীক্ষায় পাসের এক মাসের মধ্যে চাকরি নিয়মিত করার কথা থাকলেও তা না হওয়ায় সম্প্রতি সিএজি মাসুদ আহমেদ বরাবর স্মারকলিপি দেন কর্মকর্তা-কর্মচারীরা। এরপর আন্দোলনকারীরা পিএসসির অর্গানোগ্রামের বাইরের ১৮১ জন কর্মকর্তার বিল পাস বন্ধ করে দেন।
“এর মাঝে হিসাব মহানিয়ন্ত্রক আবুল কাশেম আমাদের পক্ষে অবস্থান না নিয়ে উল্টো পিএসসির পক্ষে অবস্থান নেন। তিনি গতকাল আমাদের ১১ কর্মচারীকে বরখাস্ত, ৭ কর্মকর্তাকে বদলি করেন।”
তিনি বৃহস্পতিবারের মধ্যেই তাদের বিরুদ্ধে নেওয়া আদেশ প্রত্যাহার এবং হিসাব মহানিয়ন্ত্রককে ক্ষমা চাওয়ার দাবি জানান।
শফিউল আজম বলেন, “আমাদের অন্য সব দাবি মেনে নিতে হবে। দাবিগুলো আদায়ে সহযোগিতাও করতে হবে। অন্যত্থায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”
এ বিষয়ে কথা বলতে হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) আবুল কাশেমের কার্যালয়ে গেলে তার ব্যক্তিগত সহকারী মো. শামসুজ্জামান ইবনে আজিম আরিফ বলেন, “স্যার কথা বলবেন না।”
