জাদুঘরের সভাপতি, ডিজিকে তলব
নির্দেশের পরও নিয়োগ সংক্রান্ত নথিপত্র দাখিল না করায় জাতীয় জাদুঘরের সভাপতি, মহাপরিচালক ও সচিবকে তলব করেছে হাই কোর্ট।
আগামী ২১ মার্চ জাদুঘরের সভাপতি এম আজিজুর রহমান, মহাপরিচালক ও সদস্য সচিব ফয়জুল লতিফ চৌধুরী এবং সচিব ফারুক হোসেনকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এস এম মজিবুর রহমানের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
আদালতে রিট আবেদনকারী পক্ষে আইনজীবী শাহ মো. আহসানুর রহমানের অনুপস্থিতিতে মো. একরামুল হক চৌধুরী শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক।
আইনজীবী মো. একরামুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক রিট আবেদনের শুনানিতে হাই কোর্ট জাদুঘরে ৩৫টি শূন্যপদে নিয়োগ সংক্রান্ত ডক্যুমেন্ট দাখিল করতে নির্দেশ দেয়।
“নির্দেশ অনুসারে ডক্যুমেন্ট দাখিল না করায় এ বিষয়ে ব্যাখ্যা জানাতে ২১ মার্চ জাদুঘরের ওই তিনজনকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।”
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৫ অগাস্ট জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ ১২টি শ্রেণিতে ৩৫টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেয়। বাছাই কমিটি ২০১৪ সালের ৮ মার্চ ৩৫ জনকে নিয়োগের প্রস্তাব করে।
জাদুঘরের বোর্ড অব ট্রাস্ট্রির এক সভায় এ বিষয়ে একটি মামলার (নিউমার্কেট থানা, মামলা নং-৬, ( ৮.৪.২০১৪) থাকার কথা জানিয়ে প্রস্তাব অনুমোদন না করে নতুন বিজ্ঞপ্তি দিতে বলে। পরে গত বছরের ৩০ এপ্রিল জাদুঘর কর্তৃপক্ষ তিনটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়।
এর বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৩ সালের ৫ অগাস্ট নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে উত্তীর্ণ সুবীর শিকদার (মুভি ক্যমেরাম্যান) ও সুস্মিতা বিশ্বাস (সহকারী কিপার, বিশ্ব সভ্যতা) নিয়োগের নির্দেশনা চেয়ে পৃথক রিট আবেদন করেন।
এর ওপর প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ২ জুন হাই কোর্ট রুল দেয় ও নতুন নিয়োগ বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে।
এতে স্থগিতাদেশ চেয়ে জাদুঘর কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন নিয়ে যায়। গত বছরের ১৩ ও ১৫ ডিসেম্বর আপিল বিভাগ আবেদন খারিজ করে হাই কোর্টে রুল নিষ্পত্তির নির্দেশ দেয়।
রুল শুনানির সময় আবেদনকারীপক্ষ নিয়োগ সংক্রান্ত নথিপত্র দাখিল করতে চলতি বছরের ১৮ জানুয়ারি সম্পূরক আবেদন করেন। শুনানি নিয়ে ২০ জানুয়ারি হাই কোর্ট ৩ ফেব্রুয়ারির মধ্যে নথিপত্র দাখিলের নির্দেশ দেয়।
