২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-রাশিয়ার মধ্যে ‘আন্তঃসরকারি কমিশন’ গঠনে চুক্তি শিগগিরই

বাণিজ্য, অর্থনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতায় একটি ‘আন্তঃসরকারি কমিশন’ গঠনে রাশিয়ার চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 12:43 AM

Updated : 11 Oct 2022, 07:54 PM

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ঢাকায় রাশিয়ার বিদায়ী রাষ্ট্রদূত আলেকজান্ডার নিকোলায়েভ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন।

এসময় প্রস্তাবিত এ চুক্তি স্বাক্ষরের বিষয়ে রাষ্ট্রদূতকে আবারও নিশ্চিত করেন করেন মন্ত্রী।

সাক্ষাতে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তারা।

পররাষ্ট্রমন্ত্রী এ সময় রাশিয়ায় বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশে দেশটির সরকারের সহযোগিতা চান।

তিনি বলেন, সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বৈশ্বিক ক্ষেত্রে বাংলাদেশ ও রাশিয়া একযোগে কাজ করে যাচ্ছে।

এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রসহ অন্যপক্ষের সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণায় রাশিয়ার ভূমিকাকে স্বাগত জানান আবুল হাসান মাহমুদ আলী।

ঢাকায় দায়িত্ব পালনকালে সমর্থনের জন্য রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্প্রতি একটি বেসরকারি রাশিয়ান অ্যাভিয়েশন কোম্পানির ঢাকা সফর এবং এ সংক্রান্ত আলোচনাকে ‘ফলপ্রসু’ অভিহিত করে ঢাকা-মস্কো সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনার বিষয়েও কথা বলে বিদায়ী রাষ্ট্রদূত নিকোলায়েভ।

আগামী ১০ মার্চ রাশিয়ার এই রাষ্ট্রদূতের ঢাকা ছাড়ার কথা রয়েছে।