‘সুন্দরবন বাঁচাতে’ হলো ছাত্র ইউনিয়নের সমাবেশ
‘সুন্দরবন রক্ষায়’ লংমার্চের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
আগামী ১০ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত ওই লংমার্চের সমর্থনে বুধবার বিকালে আয়োজিত এ সমাবেশ শেষে সাংস্কৃতিক পর্বের আয়োজনও ছিল। সমাবেশের ব্যানারে লেখা ছিল-‘বাঁচাও সুন্দরবন’।
সমাবেশে জাতীয় তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উদীচির সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সাগর বক্তব্য রাখেন।
আনু মোহাম্মদ বলেন, “সুন্দরবন মানে হচ্ছে অসংখ্য প্রাণের সমষ্টি। সুন্দরবন মানে হচ্ছে প্রকৃতির ইকোসিস্টেম। সুন্দরবন মানে হচ্ছে পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বন। যেটি উপকূলীয় অঞ্চলের চার কোটি মানুষের বেঁচে থাকার বাঁধ, সেটি আজ বিপদের মুখে।
“আর আজ সেই সুন্দরবনকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে। বাংলাদেশ ও ভারত সরকার সুন্দরবনকে ধ্বংস করার এই বিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে। ”
তিনি বলেন, “যে বন বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন রক্ষা করে এবং যে বন বাংলাদেশের অস্তিত্ব রক্ষা করে সেই বনকে ধ্বংস করার পরিকল্পনা করেছে সরকার ।”
“সুন্দরবন রক্ষার আন্দোলন শুধু সুন্দরবন রক্ষার জন্য নয়- মানুষের রক্ষার, দেশকে রক্ষার আন্দোলন। আর প্রধানমন্ত্রী একদিকে চ্যাম্পিয়ান অব দ্য আর্থ হাতে নেন, অন্যদিকে সুন্দরবন ধ্বংসের প্রকল্প হাতে নিয়েছেন।”
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “সরকারে একটাই যুক্তি যে, সুপার টেকনোলজি ব্যবহার করে হচ্ছে, এক ফোটা দূষণ সেখানে হবে না।
“তাহলে আমি সবিনয়ে বলতে চাই, এমন আধুনিক প্রযুক্তি যদি আপনাদের হাতে থাকে তাহলে সুন্দরবনের রামপালে কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র স্থাপন না করে, আমাদের ঢাকা শহরের উত্তর দিকে ক্যান্টনমেন্ট নামে যে এলাকা আছে সেখানে আপনারা সুপার টেকনোলজি কয়লা কারখানা কেন স্থাপন করেছেন না।”
অতিথিদের বক্তব্য শেষে গানের পরিবেশনা করা হয়।
