২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের কারুপণ্য নিয়ে তিনদিনের মেলা শুরু

শারীরিক প্রতিবন্ধকতা জয় করে ধীরে ধীরে উৎপাদন কাজে যুক্ত হয়েছে বহুমাত্রিক প্রতিবন্ধিতার শিকার সানজিদ, নিতু ও মালেকাদের দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2016, 10:32 PM

Updated : 11 Oct 2022, 07:54 PM

বুধবার থেকে ধানমন্ডির দৃক গ্যালারিতে বসেছে তাদের হাতেই তৈরি কারুপণ্য নিয়ে তিন দিনব্যাপী মেলা।আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই মেলা।

অটিস্টিক, বুদ্ধিপ্রতিবন্ধী ও বহুমাত্রিক প্রতিবন্ধী কিশোর-কিশোরীদের বৃত্তিমূলক কাজের মেধা ও দক্ষতার প্রামাণ্য হিসেবে এই ‘কারুশিল্প মেলা’র আয়োজন করেছে (সিইআইডি) সিড।

আইডিএলসির পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ মেলায় স্থান পেয়েছে ব্লক-বাটিক, সূচিকর্মের নকশা করা শাড়ি, ওড়না, হাতব্যাগ, থ্রি পিচ, কুশন কভার, বেড কভার, মোম, পুতির মালা ও অন্যান্য হাতে তৈরি পণ্য।

দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী সমাপ্তি রায় পরিবেশিত ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে সঙ্গে প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী পর্বে সমাজকল্যাণ সচিব চৌধুরী মো. বাবুল হাসান, এনজিও ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক কেএম আব্দুস সালাম, আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসির ডিএমডি মো. জিয়াউল হক খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, অধ্যাপক আবুল বারাক আলভী, সিড এর নির্বাহী পরিচালক দিলারা সাত্তার মিতুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অটিজম ও প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, কিশোর কিশোরীদের অভিভাবক ও বিভিন্ন স্তরের মানুষ মেলা প্রাঙ্গণে সমবেত হন।

সিড এর প্রকল্প সমন্বয়ক আসিফ জানান, দর্শনার্থীরা মেলায় ঘুরে দেখার পাশাপাশি পছন্দের পণ্য কিনেও নিতে পারছেন। এছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থার পক্ষ থেকেও অটিস্টিক শিশুদের হাতে তৈরি পণ্য কেনার প্রস্তাব আসছে।

আসিফ বলেন, প্রতিবন্ধী শিশু-কিশোরদের মূল ধারায় ‍যুক্ত করার জন্য তাদের এই চেষ্টা। এ লক্ষ্যে শিক্ষা, কারিগরী, অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাম্পেইনসহ বিভিন্ন ক্যাটাগরিতে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

মেলাপ্রাঙ্গণে কথা হয় প্রতিবন্ধী কিশোর সানজিদের সঙ্গে। সিড-এ প্রশিক্ষণ নিয়ে নাটক, উপস্থাপনাসহ বিভিন্ন কাজে দক্ষতা অর্জন করেছে সে। বৈশাখি টেলিভিশনের একটি নাটকেও অভিয়ন করছে সানজিদ।

নাচ, অভিনয় ও মোমের শো পিস তৈরিতে দক্ষতা রয়েছে নিতুর। ভবিষ্যতে শিক্ষক হওয়ার ইচ্ছা জানিয়েছে এই শিশু।