দুই শিশুর মৃত্যু: মাহফুজা ফের রিমান্ডে
রাজধানীর বনশ্রীতে ভাই-বোনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাদের মা মাহফুজা মালেক জেসমিনকে আরও পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
বুধবার মামলার নতুন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক লোকমান হেকিমের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ এসেছে।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, হত্যার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তাকে আরও নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
এ সময় মাহফুজার আইনজীবী সাফায়াত আলী রিমান্ড বাতিলের আবেদন করলে তা নাকচ করে দেয় আদালত।
আদালতের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক মুকুল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
গত ২৯ ফেব্রুয়ারি বিকালে বনশ্রীতে নিজেদের বাসায় দুই শিশু নুসরাত আমান অরণী (১৪) এবং তার ভাই আলভী আমানকে (৬) বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়।
চাইনিজ রেস্তোরাঁ থেকে আনা খাবার খেয়ে শিশু দুটির মৃত্যুর সন্দেহের কথা পরিবারের পক্ষ থেকে বলা হলেও পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তে মেলে হত্যাকাণ্ডের আলামত।
এরপর থানা পুলিশের সঙ্গে র্যাবও বিষয়টির তদন্তে নামে।
পরদিন ২ মার্চ বুধবার জামালপুর থেকে শিশু দুটির বাবা, মা ও খালাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে আসে র্যাব।
৩ মার্চ এক সংবাদ সম্মেলনে র্যাবের পক্ষ থেকে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেই সন্তানদেরকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন মাহফুজা।
এ ঘটনায় দুই শিশুর বাবা আমানুল্লাহ রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সোমবার মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় স্থানান্তর করা হয়।
