হরতালে সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী
যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় আপিলে বহাল থাকায় জামায়াতে ইসলামীর ডাকা হরতালে রাজধানীতে পুলিশ, র্যাবসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা ‘সতর্ক অবস্থানে’ থাকবে।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মীর কাসেমের আপিলের রায় মঙ্গলবার সকালে দেওয়ার পর দলটি বুধবার সকাল-থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদেশে হরতাল ডেকেছে।
পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশনার মো.মারুফ হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতাল ঘিরে কেউ যেন জনগণের জানমালের ক্ষতি করতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থায় থাকবে।”
রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশ অবস্থান করবে, থাকবে পুলিশের টহলও, বলেন তিনি।
হরতালে রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের টহলের পাশাপাশি এর সদস্যরা সাদা পোশাকেও দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বাহিনীর গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।
“জনগণের নিরাপত্তার উপর কেউ আঘাত করতে চাইলে র্যাব তাদের প্রতিহত করবে।”
র্যাব, পুলিশের পাশাপাশি রাজধানীর বিভিন্ন এলাকায় গোয়েন্দারাও তৎপর থাকবেন।
এদিকে হরতালের ঘোষণার পর মঙ্গলবার সন্ধ্যায়ই রাজধানীতে ১৪ প্লাটুন বিজিবি ১৪ সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার সকাল পর্যন্ত সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ঢাকার রাস্তায় থাকবেন বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা।
