সোনার মেয়ে মাবিয়াকে নান্দোসের সংবর্ধনা
ভারতে গত মাসে দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) ভারোত্তোলনে সোনাজয়ী মাবিয়া আক্তার সীমান্তকে সংবর্ধনা দিয়েছে চেইন রেস্টুরেন্ট নান্দোস।
সোমবার নান্দোসের গুলশান-১ শাখায় আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আয়োজন করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠানের। সহযোগিতায় ছিল বিজকেয়ার।
এসএ গেমসের এবারের আসরে দেশকে প্রথম সোনা এনে দেন মাবিয়া। ভারোত্তোলনে মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে শ্রীলঙ্কা ও নেপালের প্রতিযোগীকে পেছনে ফেলেন তিনি। ভারোত্তোলন থেকে দুটি রূরুপাও জেতে বাংলাদেশের মেয়েরা।
সংবর্ধনা অনুষ্ঠানে নান্দোস পরিচালনাকারী এমজিএইচ রেস্টুরেন্ট প্রাইভেট লিমিটেডের (এমআরপিএল) সহকারী পরিচালক মহিত উল বারি বলেন, “বাংলাদেশের মেয়ে মাবিয়ার কীর্তি এখন শুধু দক্ষিণ এশিয়ায় নয়, পুরো বিশ্বজুড়ে। তার পরিচয় শুধু দক্ষিণ এশিয়া গেমসে বাংলাদেশের প্রথম স্বর্ণপদক পাওয়া নারী হিসেবেই নয়, বরং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত প্রচারের সময় দেশ প্রেমে উজ্জীবিত মাবিয়ার আবেগের কান্নায় নাড়া দিয়েছে কোটি মানুষের হৃদয়।
“নান্দোসের বিশ্বাস, মাবিয়া আক্তারের মতো নারীরা শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বের নারীদের অনুপ্রেরণার উৎস হবে। তার এই সাফল্য নারীর ক্ষমতায়ণ ও তাদের স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
গত ৭ ফেব্রুয়ারি ভারতের গুয়াহাটির ভোগেশ্বরী ফুকানানি ইনডোর স্টেডিয়ামে এসএ গেমসের ভারোত্তোলনে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৪৯ কেজি তোলেন মাবিয়া। স্ন্যাচে ৬৭ কেজি ও ক্নিন অ্যান্ড জার্কে ৮২ কেজি তোলেন তিনি।
পরে পদক নিতে মঞ্চে উঠে আবেগ ধরে রাখতে পারেননি মাবিয়া। সোনা জয়ের আনন্দে কাঁদতে কাঁদতে বেদিতে উঠেন বাংলাদেশের এই ‘সোনার মেয়ে’।
সংবর্ধনা অনুষ্ঠানে মাবিয়া বলেন, “পরিশ্রম ও নিরলস প্রচেষ্টা চালাতে পারলে মানুষের জন্য অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়। নিজের জীবন থেকেই সেই অভিজ্ঞতা আমি পেয়েছি।”
অনুষ্ঠানে মাবিয়ার প্রশিক্ষক বিদ্যুৎ কুমার রায় ছাড়াও নান্দোস ও বিজকেয়ারের কর্মীরা উপস্থিত ছিলেন।
