২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত

ঝড়বৃষ্টির পর ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ার খবর পাওয়া গেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় টেলিভিশনে বাংলাদেশ ও ভারতের মধ্যেকার এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ দেখা নিয়ে শঙ্কায় আছেন দর্শকরা।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 09:20 PM

Updated : 12 Apr 2022, 01:34 AM

রোববার এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর আগে শুরু হয় প্রচণ্ড ঝড়। সঙ্গে ছিল ভারী বৃষ্টি।

ঝড়ের কারণে রাজধানীর উত্তরা, মিরপুর, লালবাগ, নিউমার্কেট, ওয়ারি, বনশ্রী, রামপুরা, চকবাজারসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

উত্তরাসহ কিছু কিছু এলাকায় বিদ্যুতের সরবরাহ লাইন বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক নজরুল হাসান রাত ৮টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঝড়বৃষ্টির কারণে কামরাঙ্গীর চর ও শ্যামপুরে দুইটি সাব স্টেশন বন্ধ হয়ে গিয়েছিল। সেগুলো মেরামত করা হচ্ছে।”

কিছুক্ষণের মধ্যেই ঢাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পিডিবির একজন কর্মকর্তা বলেন, কয়েকটি স্থানে ঝড়ে গাছ পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বলে তাদের কাছে খবর এসেছে।

ডেসকোর কেন্দ্রীয় অভিযোগ কেন্দ্র থেকে জানানো হয়, মিরপুরসহ বিভিন্ন জায়গায় ফ্রেজারের ক্রটি দেখা দেওয়ায় বিদুৎ সংযোগ বিঘ্নিত হয়েছে।সেসব মেরামতের কাজ চলছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

সন্ধ্যা থেকেই কালো মেঘ ছিল স্টেডিয়ামের আকাশে। গুড়ি বৃষ্টির সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছিল। তখন পিচ ঢাকা ছিল আবরণে। তবে সোয়া ছয়টার দিকে শুরু হয় প্রচণ্ড ধুলোঝড়।

ঝড়বৃষ্টির কারণে এশিয়া কাপ ফাইনালের ভেন্যু মিরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামেও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। প্রচণ্ড ঝড়ে স্টেডিয়ামের বড় পর্দাও ক্ষতিগ্রস্ত হয়।