২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজুলের বাবাকে ৪ লাখ টাকা দিল ঢাবি

সলিমুল্লাহ হলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সদ্যপ্রয়াত মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র হাফিজুল মোল্লার বাবাকে চার লাখ টাকা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 06:13 PM

Updated : 20 Aug 2022, 12:03 PM

রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক তার বাবা এসহাক মোল্লার হাতে এই টাকার এক চেক তুলে দেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই চার লাখ টাকার মধ্যে বিশ্ববিদ্যালয়ের তহবিলের এক লাখ টাকা, বিজনেস স্টাডিজ অনুষদের ৫০ হাজার, মার্কেটিং বিভাগের ৫০ হাজার, সলিমুল্লাহ মুসলিম হল কর্তৃপক্ষের ৫০ হাজার, মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৫০ হাজার, অধ্যাপক ড. শহীদ আহমেদ সিদ্দিকের ৫০ হাজার এবং হাসান আহমেদ চৌধুরী কিরনের ৫০ হাজার টাকা রয়েছে।

সলিমুল্লাহ মুসলিম হলের অনাবাসিক হাফিজুল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বাড়ি গিয়ে গত ২ ফেব্রুয়ারি মারা যান। তার গ্রামের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার শ্যামপুর গ্রামে।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, “হাফিজের এই অকাল মৃত্যুতে শুধু একটি পরিবার নয়, পুরো দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ধরণের হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি রোধে সকলকে সচেতন হতে হবে।”

অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা দেবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
 চেক প্রদান অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মো. কামাল উদ্দিন ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম উপস্থিত ছিলেন।