২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি ইন্দো-বাংলা সম্পর্কে ফাটল চায়: বিজেপি মুখপাত্র

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র এম জে আকবর বলেছেন, ঢাকা-দিল্লির সম্পর্কে দূরত্ব বাড়াতে বাংলাদেশে অতীতে গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি কাজ করেছে, যার সূচনা পঁচাত্তরে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2016, 01:53 AM

Updated : 11 Oct 2022, 07:53 PM

পুরনো খবর:

সমস্যা ছোট বলে অবহেলা করবেন না: এম জে আকবর
ভারতবিরোধিতা এখন ইস্যু নয়: গওহর রিজভী

শনিবার ঢাকায় দুদেশের সম্পর্ক নিয়ে আয়োজিত এক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘ফ্রেন্ডস অব বাংলাদেশের’ উদ্যোগে সপ্তমবারের মতো এই সংলাপের আয়োজন করা হয়।

দুই দেশের সরকারের শীর্ষ কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, চিন্তক, বিশেষজ্ঞ, সাবেক কূটনীতিক এবং রাজনীতিবিদের অংশগ্রহণে এই সংলাপ শেষ হয় ঢাকা ঘোষণার মধ্য দিয়ে।

এম জে আকবর বলেন, “গণতন্ত্রের বিরুদ্ধ শক্তি ক্ষমতায় আসার কারণে দুই দেশের মধ্যে দূরত্ব বেড়েছিল, যারা দিনের পর দিন একটু একটু করে এই বিষবাষ্প ঢুকিয়ে দিয়েছে।”

“একাত্তরের পর আমরা ভেবেছিলাম একটি নবযুগের শুরু হলো। আমাদেরও ভুল ছিল। আমরা দখলদার বাহিনীকে পরাজিত করতে পেরেছিলাম, তবে তাদের রেখে যাওয়া ছায়াকে পরাজিত করতে পারিনি।”

Image
রাজধানীর সোনারগাঁও হোটেলে শনিবার ‘ভারত-বাংলাদেশ সংলাপে’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রাজধানীর সোনারগাঁও হোটেলে শনিবার ‘ভারত-বাংলাদেশ সংলাপে’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, “তারা (পরাজিত শক্তি) ভালো কাজকে ধূলিসাৎ করে দেয় এবং প্রতিশোধ নেয়, যার জন্য জাতির জনককে (শেখ মুজিবুর রহমান) এর সর্বোচ্চ মূল্য দিতে দিয়েছে।”

অতীতকে ফিরিয়ে না এনে বরং ভবিষ্যতকে খুঁজে পাওয়াই এখন চ্যালেঞ্জ বলেও মত দেন সাংবাদিক থেকে রাজনীতিতে আসা এম জে আকবর।

তিনি বলেন, “দুই জাতিই অনুধাবন করতে সক্ষম হয়েছে তারা এমন এক অবস্থানে রয়েছে যা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক।”

“কেউ কেউ আছেন যাদের নজরে শুধু গ্লাসের খালি অংশটি আসে। কোনো দেশেরই একার পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমরাও একা সব সমস্যার সমাধান করতে পারব না।”

দিনব্যাপী সংলাপে ইন্দো-বাংলাদেশ সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়, যার মধ্যে ছিল নিরাপত্তা, অর্থনৈতিক সম্পর্ক এবং কানেক্টিভিটিও।

গণতন্ত্র ছাড়া আধুনিক জাতি গড়ে তোলা সম্ভব নয় মন্তব্য করে বিজেপি মুখপাত্র বলেন, “গণতন্ত্র ও সংঘাত একসঙ্গে চলতে পারে না। যারা সংঘাতে বিশ্বাস করে তারা কখনোই গণতন্ত্রকে স্বীকার করতে পারে না।”

তিনি বলেন, ভারত ও বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, যেখানে সব ধর্মের বিশ্বাসীকে দেখা হয় একই চোখে।

“একজন বাংলাদেশি যেমন বাংলাদেশি নাগরিক হয়ে তার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, তেমনি ভারতীয় নাগরিকের ক্ষেত্রেও তাই। ভারতে একজন মুসলমান হয়ে আমি গর্বিত।”

সমাপনী বক্তা হিসেবে বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “বাংলাদেশের বিজয় ত্বরান্বিত করতে সহযোগিতার জন্য ভারতের কাছে কৃতজ্ঞ। তবে বড় ভাইয়ের দ্বারা অবদমিত হওয়ার যে অনুভূতি তা আমাদের মধ্যে কাজ করত।”

“স্বাধীনতার পর পরই আমাদের মধ্যে এই সন্দেহের বীজ বপণ করা হয়েছিল।”

তিনি বলেন, এশিয়াকে শান্তির মডেল হিসেবে সবার সামনে তুলে ধরতে দুই দেশকে এক হয়ে কাজ করতে হবে।