ইউপি ভোট: এবার চেয়ারম্যান পদের ব্যালট ছাপানো শুরু
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের চেয়ারম্যান পদের প্রার্থিতা চূড়ান্ত হওয়ায় এবার তাদের ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
স্থানীয় সরকারের সবচেয়ে জনপ্রিয় এই নির্বাচনে এবার প্রথমবারের চেয়ারম্যান পদে দলীয়ভাবে ভোট হচ্ছে।
এতে চেয়ারম্যান পদে সাদা, সাধারণ সদস্য পদে সবুজ ও সংরক্ষিত সদস্য পদে গোলাপী রঙের ব্যালট পেপার ব্যবহৃত হবে।
চেয়ারম্যান পদে প্রার্থীর নাম ও প্রতীক থাকলেও সাধারণ সদস্য পদে ১২টি, সংরক্ষিত সদস্য পদে ১০টি করে প্রতীক থাকবে ব্যালটে।
মুদ্রণ কাজ তদারকিতে থাকা ইসির উপ-সচিব রকিব উদ্দিন মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম ধাপে ৭৩৪ ইউপিতে ভোট হচ্ছে। ইতোমধ্যে সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের ব্যালট পেপার ছাপানোর কাজ শেষ হয়েছে।
“চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকা চূড়ান্ত হওয়ায় শুক্রবার নাম ও প্রতীকসহ সাদা ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হয়েছে।”
২২ মার্চ শুরু হতে যাওয়া প্রথম ধাপের নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল বুধবার। বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। শুক্রবার সংশ্লিষ্ট ইউপি থেকে প্রার্থীর নাম ও প্রতীকসহ তালিকা ইসি সচিবালয়ে পাঠানো শুরু করেছেন রিটার্নিং কর্মকর্তারা।
চেয়ারম্যান পদে নাম-প্রতীকের তালিকা পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে ভোটার সংখ্যার সমান সংখ্যক ব্যালট পেপার ছাপানো চলছে জানিয়ে উপ-সচিব রকিব বলেন, “১৭ মার্চের মধ্যে তা শেষ করার পরিকল্পনা রয়েছে আমাদের। যাতে করে ভোটের আগের দিন নির্বাচনী এলাকায় ব্যালট পৌঁছে দেওয়া যায়।”
ইসির মুদ্রণ শাখার সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ জানান, রাষ্ট্রায়ত্ত বিজি প্রেস, সিকিউরিটি প্রিন্টিং প্রেস, গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস এবং বিএমটিএফ ও আর্মি প্রিন্টিং প্রেসে ব্যালট পেপার ছাপানোর কাজ চলছে।
তিনি বলেন, “চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পদগুলো বাদ দিয়ে ভোটের জন্য ব্যালট ছাপানো হবে।
“সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ১০ থেকে ১২ জনের বেশি প্রার্থী রয়েছেন- এমন ইউপিতে অতিরিক্ত প্রতীক দিয়ে ব্যালট পেপার ছাপাতে হবে। এজন্যে তালিকা পরীক্ষা-নিরীক্ষা করে ব্যালট পেপার ছাপাতে হচ্ছে।”
ইসি কর্মকর্তারা জানান, ছয় ধাপের ভোটে প্রায় ৮ কোটি ভোটারের জন্য তিনটি পদে ২৪ কোটি ব্যালট পেপার ছাপানো লাগতে পারে। এ হিসাবে প্রতি ধাপে গড়ে ১ কোটি ৩৩ লাখ ভোটারের বিপরীতে ৪ কোটি ব্যালট পেপার ছাপাতে হতে পারে।
ইসি কর্মকর্তা রাশেদ বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ও সদস্য পদগুলো বাদ দেওয়ার পর ব্যালটের চূড়ান্ত সংখ্যা বলা যাবে। সেই সঙ্গে ব্যালট পেপার ছাপানোর পর আইনি জটিলতায় ভোট বন্ধ হলে নষ্ট করতে হবে ছাপানো ব্যালট।
“আবার নতুন করে কোনো ইউপির ভোট করার নির্দেশনা এলে ব্যালট পেপারের সংখ্যা বাড়বে। সব ধরনের প্রস্তুতি রেখেই প্রেসগুলোকে নির্দেশনা দেওয়া রয়েছে,” বলেন তিনি।
২২ মার্চ প্রথম ধাপে ৭৩৪ ইউপির ভোটে তিনটি পদে ৩০ হাজারের বেশি প্রার্থী রয়েছেন।
দ্বিতীয় ধাপের ৬৫০ ইউপিতে তিন হাজার চেয়ারম্যানসহ সাধারণ ও সংরক্ষিত পদের সদস্য নিয়ে ৩০ হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়েছে। ভোট হবে ৩১ মার্চ।
পরবর্তী চার ধাপের নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল এখনও ঘোষণা করা হয়নি। এ চার ধাপে ২৩ এপ্রিল ৭১১টি, ৭ মে ৭২৮টি, ২৮ মে ৭১৪টি ও ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হওয়ার কথা।
