প্রয়োজনে শাহবাগে ফের অবস্থান: ইমরান
আপিল বিভাগে জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল না থাকলে প্রয়োজনে রাজধানীর শাহবাগ মোড় ফের অবরোধ করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখার দাবিতে শুক্রবার বিকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণ-অবস্থান কর্মসূচির সমাবেশে একথা বলেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
তিনি বলেন, “আপিল বিভাগে যদি যুদ্ধাপরাধী মীর কাসেম আলীর রায় বহাল রাখা না হয়, তাহলে ২০১৩ সালের মতো ঠিক একইভাবে রুখে দাঁড়াবে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা।”
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায়ে ক্ষোভ থেকে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি শাহবাগ মোড়ে একদল তরুণের অবস্থান কর্মসূচি দেশব্যাপী গণজাগরণের সৃষ্টি করে।
সারাদেশে গণজাগরণ মঞ্চ করে আন্দোলন ব্যাপকতা পেলেও এর মূল কেন্দ্র ছিল শাহবাগই, যার নাম দেওয়া হয় প্রজন্ম চত্বর।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা এই আন্দোলনের এক পর্যায়ে আইন সংশোধন করে সরকার ও আসামিপক্ষের আপিলের সমান সুযোগ তৈরি করা হয়।
মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামের কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদসহ আটজনকে হত্যার দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তখনকার আলবদর কমান্ডার মীর কাসেমকে ২০১৪ সালের ২ নভেম্বর মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে তার আপিলের রায় হবে ৮ মার্চ।
সমাবেশে ইমরান এইচ সরকার বলেন, “মীর কাসেম আলীকে রক্ষার যে অপচেষ্টা- সেটা যদি সফল হয়, তাহলে বাংলাদেশের ত্রিশ লাখ শহীদের রক্তের সঙ্গে বেঈমানি ও প্রতারণা করা হবে। সেটা মঞ্চ কোনোভাবে মেনে নেবে না।
“যার সর্বোচ্চ দণ্ড পাওয়ার কথা তাকে যদি লঘু দণ্ড দেওয়া হয়, সেক্ষেত্রে মঞ্চ নেমে নেবে না। এই ক্ষেত্রে ২০১৩ সালে যেভাবে রুখে দাঁড়িয়েছিল, এবার যদি অপচেষ্টা করা হয়, তাহলে ঠিক একইভাবে রুখে দাঁড়াব।”
এ দাবিতে ৬ মার্চ বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবে গণজাগরণ মঞ্চ। আপিলের রায়ের দিন ৮ মার্চ সকাল থেকে শাহবাগে অবস্থান থাকবে তাদের।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, “ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পর কাদের মোল্লা ভি-চিহ্ন দেখিয়েছিল। মীর কাসেম আলীও মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর ভি-চিহ্ন প্রদর্শন করেছিল।
“আমাদের কাছে তখনই আশঙ্কা তৈরি হয়েছিল, এই কাসেম আলীর ভি-চিহ্নের শক্তির উৎস কোথায়?”
জামায়াতে ইসলামীর অর্থ জোগানদাতা হিসেবে পরিচিত মীর কাসেম দৈনিক নয়া দিগন্ত এবং দিগন্ত টেলিভিশনের মালিকানা প্রতিষ্ঠান দিগন্ত মিডিয়ার সাবেক চেয়ারম্যান। তিনি ইবনে সিনা ট্রাস্টেরও অন্যতম সদস্য।
