উন্নয়নের জন্য চাই সাংস্কৃতিক উজ্জীবন: আকবর আলি খান
চীনের মতো উন্নয়নের পথে এগিয়ে যেতে বাংলাদেশে সাংস্কৃতিক উজ্জীবন দরকার বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান।
শুক্রবার বাংলাদেশ চীন সাংস্কৃতিক একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চীনের অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে এই সাবেক আমলা বলেন, চীনের অর্থনৈতিক অগ্রগতির পেছনে জ্ঞান ভাণ্ডারের শক্তি মুখ্য ভূমিকা রেখেছে।
এ বিষয়ের ব্যাখ্যায় শিল্প বিপ্লবের প্রসঙ্গ টেনে একটি তুলনামূলক চিত্র তুলে ধরেন আকবর আলি খান।
তিনি বলেন, “আমরা শিল্প বিপ্লবের কথা শুনি। শিল্প বিপ্লবে যুক্তরাজ্যে মোট জনসংখ্যা ছিল এক কোটি। সেই এক কোটি মানুষের জনসংখ্যা ৫৭ বছরে দ্বিগুণ হয়েছিল। এটা মানুষের ইতিহাসে অভাবিত ঘটনা বলে এটাকে শিল্প বিপ্লব নাম দেওয়া হয়।
“আর চীনে কী হচ্ছে, প্রায় ১৪০ কোটি লোক। ৭ থেকে ১০ বছরে মাথাপিছু আয় দ্বিগুণ করছে। তার মানে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের তুলনায় আজকে চীনে যেটা ঘটছে, তা ৭০০-৮০০ গুণ বড় শিল্প বিপ্লব।”
চীনের এই সাফল্য বাংলাদেশের মধ্যেও আশার সঞ্চার করছে বলে মন্তব্য করেন এই অর্থনীতিবিদ।
যেকোনো রাষ্ট্রের অগ্রগতির পেছনে তথ্য ভাণ্ডার সমৃদ্ধকরণকে একটি অন্যতম প্রধান সূচক হিসেবে তুলে ধরে তিনি বলেন, “যদি আজকে আমরা তুলনা করি যে, দেশে ভাষা আন্দোলনের মত একটা বিরাট গণ আন্দোলন পুরো সংস্কৃতিকে উজ্জীবিত করেছে, সেই দেশে বছরে কয়টি বই প্রকাশ হয়?”
“আজকে বাংলা একাডেমিতে যদি যান, সেখানে বই মেলায় কয়টি বই প্রকাশ হয়? বড় জোর সাড়ে তিন হাজার থেকে ৪ হাজার বই। এর বাইরে আরও এক-দুই হাজার বই প্রকাশিত হয়। বছরে ছয় হাজার বই প্রকাশিত হয়।”
ইউনেস্কোর হিসাব অনুসারে চীনে বছরে সাড়ে চার লাখ বই প্রকাশিত হয় জানিয়ে আকবর আলি খান বলেন, “তাদের জ্ঞান ভাণ্ডারের তুলনায় আমরা কত পিছিয়ে পড়ছি!”
তিনি বলেন, “চীন ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক আমাদেরকে আরও সুদৃঢ় ভিত্তিতে এগিয়ে নিতে হবে। আমাদেরকে হাতে হাত ধরে এগিয়ে যেতে হবে। তার জন্য প্রয়োজন বাংলাদেশে সাংস্কৃতিক উজ্জীবন। আমাদের বছরে ৬ হাজার বই প্রকাশ করলে চলবে না। কমপক্ষে ৬০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার বই প্রকাশ করতে হবে।”
বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কের অতীত ঐতিহ্যও তুলে ধরে আলি খান বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক হাজার বছরের পুরনো, যা লেনদেনের ভিত্তিতে গড়ে উঠেছে। আমরা শুধু চীন থেকে নেইনি। চীনকে দিয়েছিও। অতীশ দীপঙ্কর তার জ্ঞান ভাণ্ডার নিয়ে চীনে বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন, চীনা পরিব্রাজক হিউয়েন সাং, ফা হিয়েন এদেশে এসে যেসব তথ্য লিপিবদ্ধ করে গিয়েছেন, তার ভিত্তিতেই আমরা জানি, আমরা কী অর্জন করতে পেরেছিলাম।
“আজকে লেনদেনের বেশিরভাগই গ্রহণ করছি। কতটুকু দিতে পারছি, সে সম্পর্কে সন্দেহ রয়েছে। ”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত চীনা মিশনের উপপ্রধান ইয়াং শিচাও।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আয়োজক সংগঠনের উপদেষ্টা সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান পায়রার আগে চীনের সহযোগিতায় সোনাদিয়াতে গভীর সমুদ্র বন্দর স্থাপনের দাবি জানান।
