২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ায় ‘ডিজিটাল কূটনীতিতে’ মাহমুদ আলী

এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য গঠিত ফোরাম সিআইসিএ’র আওতায় সদস্য দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর প্রস্তাব করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 06:40 PM

Updated : 11 Oct 2022, 07:52 PM

শুক্রবার ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলনে এ প্রসঙ্গে তিনি বলেন, “ডিজিটাল প্রযুক্তি খাতে আমাদের বৃহত্তর সহযোগিতা দরকার।”

কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া-সিআইসিএ উদ্যোগের অংশ হিসেবে দুই দিনের এই সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ সরকার।

১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এই ফোরামের সঙ্গে বর্তমানে এশিয়ার ২৬টি দেশ রয়েছে। ২০১৪ সালে সাংহাই সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ফোরামে যোগ দেয় বাংলাদেশ।

ডিজিটাল প্রযুক্তি সহযোগিতার প্রস্তাব তোলার আগে এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক ও প্রযুক্তিগত অবস্থা নিয়ে আলোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “দ্রুত বিকাশমান ডিজিটাল যুগে নতুন নতুন উদ্ভাবন আমাদের চিন্তা পদ্ধতি, জীবন-যাপন, কাজের ধরন বদলে দিয়েছে এবং ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক সম্পর্কের ওপর প্রভাব ফেলেছে।

“বিশ্বজুড়ে সরকারগুলোর জন্য ডিজিটাল ব্যবস্থাপনরায় রূপান্তর এখন আর ঐচ্ছিক পর্যায়ে নেই। আজকে এটা সময়ের দাবি ও সর্বোচ্চ অগ্রাধিকারে এসেছে।”

মাহমুদ আলী বলেন, ইন্টারনেট, মোবাইল ও টেলিযোগাযোগ প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটছে।

“কিন্তু আমাদের এই উদ্ভাবনের সঙ্গে মানিয়ে নেওয়ার সামর্থ্য সীমিত। এশিয়ার অনেক দেশ রাতারাতি প্রযুক্তিগত অবকাঠামো বদলে ফেলতে পারে না এবং এটাই অসহায়ত্ব তৈরি করে।

“প্রযুক্তি পরিবর্তনের খরচ অনেক বেশি এবং সময় সাপেক্ষও। উপযুক্ত প্রযুক্তির বিষয়ও রয়েছে, যার দিকে নজর দেওয়া দরকার। সব প্রযুক্তি সবার জন্য সব জায়গায় কাজ করে না।

“তারপর নিরাপত্তার বিষয়গুলোও রয়েছে। যে কোনো মূল্যে সাইবার স্পেসে সরকার ও জনগণের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

“এ বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না। এজন্য আমাদের টেকসই, সহজে ব্যবহারযোগ্য, নিরাপদ, উপযুক্ত ও সুলভ প্রযুক্তি দরকার, যাতে আমরা ডিজিটাল ব্যবস্থাপনার পাশাপাশি সিআইসিএভুক্ত দেশগুলোর বিশাল জনগোষ্ঠীর চাহিদা পূরণ করতে পারি।”

মাহমুদ আলীর মতে, এশিয়ার অনেক দেশ শিক্ষা, উদ্ভাবন, গবেষণা ও উন্নয়নের পাশাপাশি সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে এগিয়ে গেলেও বহু দেশ এখনও পিছিয়ে রয়েছে।

“এজন্য ডিজিটাল প্রযুক্তির ব্যবধান কমিয়ে আনতে এবং এশিয়ায় কার্যকর ডিজিটাল ব্যবস্থাপনা বাস্তবায়নে আমাদের একসঙ্গে কাজ করা দরকার।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ডিজিটাল বাংলাদেশ’ শ্লোগানের আওতায় সারা দেশকে ডিজিটালাইজড করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, কূটনীতিক কোরের ডিন মাহমুদ ইজ্জত উপস্থিত ছিলেন।