২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট শুরু ২৩ মার্চ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনে দুদিনব্যাপী ভোট শুরু হচ্ছে ২৩ মার্চ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2016, 06:32 PM

Updated : 20 Aug 2022, 12:02 PM

মঙ্গলবার সমিতির সভায় ভোটের দিন ঠিক হয় বলে শুক্রবার সমিতির সুপারিনটেনডেন্ট নিমেষ চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

তিনি বলেন, নির্বাচন পরিচালনার জন্য জ্যেষ্ঠ আইনজীবী মো. হারুনর রশীদকে আহ্বায়ক করে সাত সদস্যের উপ-কমিটি গঠন করা হয়েছে।

ঘোষিত তফসিল অনুসারে, ২০১৬-২০১৭ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃত্ব নির্বাচনে ২৩ ও ২৪ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে, দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত বিরতি থাকবে।

মঙ্গলবার থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে।১০ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র নেওয়া যাবে। ১০ মার্চ বিকাল সাড়ে ৫টার পর যাচাই-বাছাই শেষে ১৩ মার্চ ৫টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

সভাপতি, দুই সহ-সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, দুই সহ-সম্পাদক এবং সাত সদস্যসহ মোট ১৪টি পদে নির্বাচনে এবার পাঁচ হাজার ২৮ জন ভোটার রয়েছেন বলে জানান নিমেষ চন্দ্র।

প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) ও বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আইনজীবীদের ধারণা।

গত বছরের নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ নয়টি পদে নীল প্যানেল এবং পাঁচটিতে সাদা প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়।

সমন্বয় পরিষদের একাধিক নেতা জানান, সাদা প্যানেল থেকে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন প্রার্থী হচ্ছেন। সম্পাদক পদে আবদুন নুর দুলাল ও আজহার উল্লাহ ভুইয়ার নাম আলোচনায় রয়েছে। দুই-একদিনের মধ্যে প্রার্থী চুড়ান্ত করা হবে। 

ঐক্য প্যানেলের নেতারা জানান, এই প্যানেল থেকে সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীনের নাম আলোচনায় রয়েছে। সম্পাদক পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নাম এসেছে। প্যানেল নিয়ে রোববার আলোচনা হবে।