নিজাম হাজারী কারাগারে ছিলেন কত দিন- তদন্তের নির্দেশ
ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর কারাবাসের সময় ও রেয়াতের বিষয় তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে কারা মহাপরিদর্শককে (আইজি-প্রিজন্স) নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
আওয়ামী লীগের এই নেতার কারাবাসের সময় নিয়ে বিতর্ক উঠার পর তার সংসদ সদস্য হওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে একটি আবেদনের রুলের শুনানিতে বৃহস্পতিবার এই নির্দেশ আসে।
বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার হাই কোর্ট বেঞ্চ জেল সুপারের ঊর্ধ্বতন কর্মকর্তা দিয়ে তদন্ত করে এই প্রতিবেদন দাখিল করতে বলেছে।
একইসঙ্গে নিজাম হাজারীর বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার রায় ও নথিপত্র ৩০ দিনের মধ্যে দাখিল করতে চট্টগ্রামের সংশ্লিষ্ট আদালতকে নির্দেশ দিয়ে আগামী ১০ এপ্রিল শুনানির পরবর্তী দিন রেখেছে হাই কোর্ট।
ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারী ২০১৪ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা নিয়ে ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া রিট আবেদনটি করেন।
প্রাথমিক শুনানি নিয়ে ২০১৪ সালের ৮ জুন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাই কোর্ট বেঞ্চ রুল দেয়।
ওই আসনে সংসদ সদস্য হিসেবে নিজাম হাজারী কোন কর্তৃত্ববলে পদে আছেন এবং ওই আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়৷
তখন নিজাম হাজারীর কারাবাসের সময়কালের প্রতিবেদন এবং এ-সংক্রান্ত নথিপত্র ৩০ দিনের মধ্যে দাখিল করতে কারা মহাপরিদর্শক এবং চট্টগ্রামের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়কের প্রতি নির্দেশ দেওয়া হয়েছিল।
এ সংক্রান্ত রুলের উপর শুনানি গ্রহণে গত বছরের ১২ নভেম্বর হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চের এক বিচারপতি ও পরে ২ ডিসেম্বর অন্য একটি দ্বৈত বেঞ্চের বিব্রতবোধ করে।
এরপর প্রধান বিচারপতি বিষয়টি শুনানির জন্য বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চে পাঠান। চলতি বছরের ১৯ জানুয়ারি হাই কোর্টে রুলের উপর শুনানি শুরু হয়।
আদালতে রিট আবেদনকারী পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম কামরুল হক সিদ্দিকী ও মনজিল মোরসেদ। নিজামীর হাজারীর পক্ষে রয়েছেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ ও নুরুল ইসলাম সুজন এমপি। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু।
মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অস্ত্র মামলায় নিজামী হাজারীর কারাবাসের মেয়াদ, রেয়াতকাল, কারাগারে প্রবেশ ও বের হওয়া সংক্রান্ত বিষয়দি জেল সুপারের উপরের একজন কর্মকর্তা দিয়ে তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে আইজি প্রিজনকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
“ওই অস্ত্র মামলার বিচারিক আদালতের রায়, জামিনামা থাকলে তা ও যাবতীয় নথিপত্র ৩০ দিনের মধ্যে হাই কোর্টে দাখিল করতে চট্টগ্রামের সংশ্লিষ্ট আদালতের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।”
এর আগেও একই প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়ার বিষয়ে মনজিল মোরসেদ বলেন, “সে সময় জেল সুপার প্রতিবেদন ও নথিপত্র দাখিল করে। শুনানির এক পর্যায়ে বেঞ্চের এক বিচারপতি অপরাগতা প্রকাশ করায় বিষয়টি তালিকা বাদ দেওয়া হয়। ফলে দাখিল করা নথিপত্রের বিষয়ে রুল ইস্যুকারী বেঞ্চের রেকর্ডে লিখিত আদেশ হিসেবে তা অন্তর্ভুক্ত হয়নি। বর্তমান বেঞ্চ শুনানির কালে এ বিষয়টি নিশ্চিত হতে নথিপত্র প্রয়োজন হওয়ায় ওই আদেশ দেয়।”
নিজাম হাজারী
অস্ত্র আইনের একটি মামলায় নিজাম হাজারীর ১০ বছর কারাদণ্ড হয়েছিল। নিজাম হাজারীর আপিল, রিভিউ সবই খারিজ হয়ে যায়। এরপর তিনি কারামুক্ত হন।
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় করা মামলায় চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল ২০০০ সালের ১৬ অগাস্ট রায় দেয়।
অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় ১০ বছর এবং ১৯ (চ) ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় ফেনীর এই আওয়ামী লীগ নেতার। উভয় দণ্ড একসঙ্গে চলবে বলে রায়ে বলা হয়৷
রায়ের বিরুদ্ধে আপিল করলে হাই কোর্ট ২০০১ সালের ২ মে ট্রাইব্যুনালের দেওয়া সাজা বহাল রাখে।
সংবাদপত্রের যে প্রতিবেদনের ভিত্তিতে এই রিট আবেদন, তাতে বলা হয়েছিল, দুই বছর ১০ মাস কম সাজা খেটেই কারাগার থেকে বেরিয়ে আসেন নিজাম হাজারী৷
সংবিধানে আছে, ফৌজদারি মামলায় অন্যূন দুই বছরের কারাদণ্ড হলে এবং দণ্ড ভোগের পর পাঁচ বছর অতিক্রম না করলে কেউ সংসদ সদস্য পদের যোগ্য হবেন না।
নিজাম হাজারী ২০১৪ সালে যখন সংসদ সদস্য হন, তখন তার ক্ষেত্রে এই শর্তের ব্যত্যয় ঘটেছে বলে রিট আবেদনকারীর যুক্তি।
আবেদনকারীর আইনজীবী বলছেন, ওই দুই বছর ১০ মাস কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পর পাঁচ বছর পেরুলেই কেবল নিজাম হাজারী নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য হবেন।
