২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজাম হাজারীকে নিয়ে শুনানিতে বিব্রত বিচারপতি

ফেনী-২ আসনে নিজাম উদ্দিন হাজারী কোন কর্তৃত্ববলে সংসদ সদস্য পদে আছেন, তা জানতে চেয়ে দেওয়া রুল শুনতে বিব্রত বোধ করেছে হাই কোর্টের একটি বেঞ্চ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 07:55 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর বেঞ্চে বুধবার এ সংক্রান্ত রুল শুনানিটি কার্যতালিকার তিন নম্বর ক্রমিকে ছিল।

তবে বিষয়টি এলে বিচারপতি ফরিদ আহমদ শিবলী বিব্রতবোধ করেন বলে জানান রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ।

তবে ওই আদালতে সহকারী অ্যাটর্নি জেনারেল এ আর এম হাসানুজ্জামান সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই বিচারপতি বিব্রত বোধ করেছেন। বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।”

নিয়ম অনুযায়ী, এখন প্রধান বিচারপতি নতুন বেঞ্চ নির্ধারণ করে দিলে শুনানি হবে।

এর আগে ১২ নভেম্বর বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাই কোর্ট বেঞ্চে এ সংক্রান্ত রুল শুনানির জন্য তালিকায় ছিল। সেদিনও বেঞ্চের এক বিচারপতি বিব্রতবোধ করেন।

মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১২ নভেম্বর দ্বৈত বেঞ্চের এক বিচারপতির বিব্রতবোধ করার পর বিষয়টি প্রধান বিচারপতির কাছে যায়। প্রধান বিচারপতি পরে বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি তারিক উল হাকিমের নেতৃত্বাধীন বেঞ্চে পাঠান।

“গত সপ্তাহে আমরা শুনানির দিন ধার্যের জন্য আবেদন করি। চলতি সপ্তাহে বিষয়টি তালিকায় আসে। আজ সকালে বেঞ্চের বিচারপতি ফরিদ আহমদ শিবলী বিব্রতবোধের কথা জানান।”

‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে গত বছর ১০ মে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়৷ প্রতিবেদন যুক্ত করে আওয়ামী লীগ নেতা নিজাম হাজারীর সংসদ সদস্য পদে থাকার বৈধতা নিয়ে ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়াক সাখাওয়াত হোসেন ভূঁইয়া রিট আবেদনটি করেন।

প্রাথমিক শুনানি নিয়ে ২০১৪ সালের ৮ জুন বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাই কোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেয়।

ওই আসনে সংসদ সদস্য হিসেবে নিজাম উদ্দিন হাজারী কোন কর্তৃত্ববলে পদে আছেন এবং ওই আসনটি কেন শূন্য ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়৷

স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার, আইন সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব ও নিজাম হাজারীসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়৷

এ ছাড়া আদালত নিজাম হাজারীর কারাবাসের সময়কালের প্রতিবেদন ও এ-সংক্রান্ত নথিপত্র ৩০ দিনের মধ্যে দাখিল করতে কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন্স) এবং চট্টগ্রামের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়কের প্রতি নির্দেশ দেয়।

Image
নিজাম হাজারী (ফাইল ছবি)

নিজাম হাজারী (ফাইল ছবি)

অস্ত্র আইনের একটি মামলায় ২০০০ সালে নিজাম হাজারীর ১০ বছর কারাদণ্ড হয়েছিল। নিজাম হাজারীর আপিল, রিভিউ সবই খারিজ হয়ে যায়। এরপর তিনি কারামুক্ত হন।

সংবাদপত্রের যে প্রতিবেদনের ভিত্তিতে এই রিট আবেদন, তাতে বলা হয়েছিল, দুই বছর ১০ মাস কম সাজা খেটেই কারাগার থেকে বেরিয়ে আসেন নিজাম হাজারী৷

সংবিধানে আছে, ফৌজদারি মামলায় অন্যূন দুই বছরের কারাদণ্ড হলে এবং দণ্ড ভোগের পর পাঁচ বছর অতিক্রম না করলে কেউ সংসদ সদস্য পদের যোগ্য হবেন না।

নিজাম হাজারী ২০১৪ সালে যখন সংসদ সদস্য হন, তখন তার ক্ষেত্রে এই শর্তের ব্যত্যয় ঘটেছে বলে রিট আবেদনকারীর যুক্তি।

আবেদনকারীর আইনজীবী বলছেন, ওই দুই বছর ১০ মাস কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পর পাঁচ বছর পেরুলেই কেবল নিজাম হাজারী নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য হবেন।

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানায় করা মামলায় চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল ২০০০ সালের ১৬ অগাস্ট রায় দেয়।

অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় ১০ বছর এবং ১৯ (চ) ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় ফেনী জেলণা আওয়ামী লীগের এই নেতাকে। উভয় দণ্ড একসঙ্গে চলবে বলে রায়ে বলা হয়৷

রায়ের বিরুদ্ধে আপিল করলে হাই কোর্ট ২০০১ সালের ২ মে ট্রাইব্যুনালের দেওয়া সাজা বহাল রাখে।