২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগরতলা ডকট্রিন’র মোড়ক উন্মোচন হলো ঢাকায়

আগরতলা, কলকাতা ও দিল্লির পর ঢাকায়ও মোড়ক উন্মোচন হলো সাংবাদিক ও লেখক সুবীর ভৌমিকের সর্বশেষ বই ‘আগরতলা ডকট্রিন’র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2016, 08:28 PM

Updated : 11 Oct 2022, 07:51 PM

প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক সুবীর ভৌমিক দীর্ঘ দিন বিবিসিতে কাজ করেছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিয়মিতই তার লেখা প্রকাশিত হয়।

তার এই বই প্রকাশ করেছে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। প্রকাশনা সংস্থাটির দক্ষিণ এশিয়া প্রধান সুগত ঘোষ এবং বাংলাদেশ এন্টারপ্রাইজেস ইনস্টিটিউটের সভাপতি ও সিইও ফারুক সোবহানও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের সঙ্গে ঢাকায় এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজনে ছিল বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড-বিপিএল। অনুষ্ঠানটি হয় শাহবাগে পাঠক সমাবেশে।

এরইমধ্যে ভারতের তিন শহরে মোড়ক উন্মোচন হওয়া ‘আগরতলা ডকট্রিন’ পাঠকদের মধ্যে সাড়া ফেলেছে, বিশেষত পররাষ্ট্র নীতি নিয়ে উৎসুকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে বইটি।

বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ঐতিহাসিক সম্পর্কের ওপর আলোকপাত করে প্রতিবেশীদের নিয়ে ভারতের জাতীয় নীতি কেমন হওয়া উচিত তার প্রস্তাবনা এসেছে এতে।

‘বৈরী প্রতিবেশীদের’ সঙ্গে যোগাযোগ রক্ষায় আগরতলার নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বইটিতে যুক্তি তুলে ধরেছেন সুবীর ভৌমিক।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্তবর্তী রাজ্যগুলোর পারস্পরিক লাভ-ক্ষতির হিসাব ও যথাযথ সুসম্পর্কই যে ভারতের লাভ, তা অনুধাবনে ত্রিপুরা রাজ্য সরকার যথেষ্ট বাস্তববাদী-এমন বিশ্বাসের কথাও বইটিতে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

ঢাকার পর ভারতের শিলং, গুয়াহাটি, মুম্বাই ও ব্যাঙ্গালুরুতে বইটির মোড়ক উন্মোচনের কথা রয়েছে।

সাংবাদিক সুবীর ভৌমিকের পূর্ব পুরুষের বাস ছিল বাংলাদেশের কুমিল্লায়। সুগত ঘোষের শেকড়ও বাংলাদেশের ফরিদপুরে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একটি প্যানেল আলোচনা হয়। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রধান আমিনুল ইসলাম চৌধুরী, বিএসএসের সাবেক প্রধান সম্পাদক হারুণ হাবিব, নাট্যজন নাসিরুদ্দিন ইউসুফ এবং ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির এতে অংশ নেন।