পোশাক শ্রমিকদের জন্য রেশন দাবি
রেশনের দাবি জানিয়েছেন বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত পোশাক শিল্পশ্রমিকরা।
এই দাবিতে বুধবার শ্রমিক সংগঠনগুলো জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। কর্মসূচি পালনের পর খাদ্যমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দিয়ে আসেন শ্রমিক নেতারা।
খাদ্যমন্ত্রীর একান্ত সচিব (পিএস) মোহাম্মদ হেলাল হোসেন কাছে স্মারকলিপি হস্তান্তর করেন বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. তৌহিদুর রহমান, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি আলমগীর রনি, জাতীয় গার্মেন্টস দর্জি সোয়েটার শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. রফিক ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক জোটের সভাপতি রোকেয়া সুলতানা আঞ্জু।
তৌহিদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সশস্ত্র বাহিনী, পুলিশসহ অন্যান্য বাহিনীকে রেশন দেওয়া হয়। তাহলে প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী গার্মেন্টস শিল্পের শ্রমিকদের কেন রেশন দেওয়া হবে না।”
৪০ লাখের বেশি পোশাক শ্রমিকের প্রতি পরিবারে চারজন সদস্য ধরে রেশন চাইছেন শ্রমিক নেতারা।
রেশন হিসেবে প্রতি শ্রমিক পরিবারকে মাসে চাল ৩০ কেজি, আটা ১৫ কেজি, ডাল ৫ কেজি, ভোজ্যতেল ৩ কেজি, চিনি ৫ কেজি ও শিশু খাদ্য ২ কেজি (গুঁড়ো দুধ) দেওয়ার প্রস্তাব করেছেন তারা।
তার আগে একটি শ্রমিকদের জন্য একটি তথ্যভাণ্ডার তৈরির পরামর্শ দিয়েছেন তারা।
শ্রমিক নেতা রফিক বলেন, “একজন শ্রমিক ন্যূনতম ৬ মাস কারখানায় চাকরি করলে এই সুবিধা পাবে।
তবে সবার আগে শ্রমিকদের ডাটাবেইজ তৈরি করতে হবে। তা তৈরি না করলে ৪৫ লাখ শ্রমিকের পরিবর্তে শ্রমিকের সংখ্যা কোটি হয়ে যাবে।”
বর্তমানে বাংলাদেশে পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৫৩০০ টাকা বলে নেতারা জানান।
