ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন দিবস পালিত
আজ ২ মার্চ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানীদের রক্তচক্ষু উপেক্ষা করে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়ানো হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে বটতলায়।
দিনটি উপলক্ষে বুধবার সকাল ১১টায় সেই বটতলায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
পরে সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, কলা অনুষদের ডিন মো. আখতারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল প্রমুখ আলোচনায় অংশ নেন।
উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, “১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে মানচিত্রখচিত স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়, যা মুক্তিযুদ্ধে প্রেরণার উৎস ছিল।”
১৯৭১ সালের ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন সে সময়কার ছাত্রনেতা আ স ম আব্দুর রব। শিবনারায়ণ দাশের নকশায় তৈরি ওই জাতীয় পতাকার মাঝখানে ছিল বাংলাদেশের মানচিত্র।
পরে ২৩ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ শেখ মুজিবুর রহমান তার বাসভবনে ও স্বাধীনতা ঘোষণার প্রাক্কালে সেই পতাকা উত্তোলন করেছিলেন।
স্বাধীনতার পর ১৯৭২ সালে তৎকালীন সরকার শিবনারায়ণ দাশের নকশা করা পতাকার মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, রঙ ও এর ব্যাখ্যা সম্বলিত একটি প্রতিবেদন দিতে বলে পটুয়া কামরুল হাসানকে। তার পরিমার্জিত রূপটিই বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা।
সবুজ আয়তক্ষেত্রের মাঝখানে লাল বৃত্ত, বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারীভাবে গৃহীত হয়।
সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, লাল বৃত্ত উদীয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক।
