ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ: পুলিশের উদ্যোগে মিশ্র প্রতিক্রিয়া
ঢাকা মহানগরে বাড়ির মালিকদের মাধ্যমে ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে নগরবাসীর কাছ থেকে।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অনেকে এটাকে ভালো উদ্যোগ বললেও কেউ কেউ পুলিশ নিয়ে বিরূপ অভিজ্ঞতা মাথায় রেখে সন্দেহ করছেন, ব্যক্তিগত এসব তথ্যকে হয়রানির হাতিয়ার করতে পারে আইনশৃঙ্খলা বাহিনী।
সংগ্রহ করা ব্যক্তিগত এসব তথ্য অপব্যবহারের আশঙ্কা প্রকাশ করে পুলিশের তা সংগ্রহের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক আইনজীবী একটি উকিল নোটিসও পাঠিয়েছেন।
গত সোমবার সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছিলেন, “এই তথ্য আমরা নিচ্ছি নগরবাসীর নিরাপত্তা বিধানের জন্য। এই তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, সংরক্ষিত থাকবে। অন্য কেউ ব্যবহার করতে পারবে না।”
ঢাকার বিভিন্ন বাড়িতে জঙ্গি ও সন্ত্রাসীদের আস্তানা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়ার পর গত বছরের নভেম্বরে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের এই কাজ শুরু করে ঢাকা মহানগর পুলিশ।
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে ঢাকা মহানগর পুলিশ ২৮৭টি বিট তৈরি করে একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দিয়েছে। পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন মালিবাগ ডিআইটি প্রপার্টি রাইজিংয়ের বাসিন্দা এম এম ফেরদৌস।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের এই তথ্য সংগ্রহ আগেই করা উচিত ছিল। ...যারা দুষ্টু প্রকৃতির লোক, তারাই পুলিশকে তথ্য দিতে ভয় পায়।”
পুরান ঢাকার সূত্রাপুরের বাসিন্দা মো. মিন্টু মিয়াও বলেন, “এটা ভালো দিক। বাড়ির সকলের ও দোকানের কর্মচারীদের এই ফরম পূরণ করে বিট অফিসারকে জমা দিয়েছি।”
তাদের মতো অনেকেই এটি সমর্থন করছেন। অনেকে থানায় এসে ফরম নিয়ে যাচ্ছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর আলী বিশ্বাস।
এর বিপরীতে হাজারীবাগের আব্দুস সালাম নামে এক বাসিন্দা বিরক্তি প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কে কোন রাজনৈতিক দল করে, তা চিহ্নিত করতে এই পন্থা অবলম্বন করেছে পুলিশ।”
বিরূপ প্রতিক্রিয়া পাওয়ার স্বীকারোক্তি এসেছে শাহবাগ থানার এসআই মো. হারুনের কথায়ও।
“ফরম বিতরণ করতে গেলে নানা জন নানা কথা বলে। যারা বিষয়টি অন্যভাবে দেখার চেষ্টা করেন, তাদের বুঝিয়ে সামাল দিই,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
শাহবাগ থানার পরিদর্শক জাফর আলী জানান, মঙ্গলবার পর্যন্ত তার থানা এলাকার ৬০ শতাংশ ফরম পূরণ হয়ে গেছে।
তথ্যগুলো কোথায় রাখা হচ্ছে- জানতে চাইলে তিনি বলেন, “বিট অফিসারের কাছে গোপনীয়তার সঙ্গে রাখা হয়। আবার কিছু কিছু কম্পিউটারেও সংরক্ষণ করা হচ্ছে।”
তবে কম্পিউটার অপারেটরের অভাবে তথ্য সংরক্ষণ বাধাগ্রস্ত হওয়ার কথা জানিয়েছেন কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মওদুদ হাওলাদার।
প্রতিটি থানায় একজন অপারেটর রয়েছে। দুজন অপারেটর দিয়ে কাজ করতে সুবিধা হবে বলে তিনি জানান।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার কৃষ্ণ পদ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, প্রতি থানায় দুজন অপারেটর নিয়োগের বিষয়টি পরিকল্পনায় রয়েছে।
এই উদ্যোগে সুফল পাওয়ার আশা প্রকাশ করে কোতোয়ালির পরিদর্শক মওদুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরবাসীর তথ্য সংগ্রহ করতে পারলে অপরাধের মাত্রাও কমে যাবে।
এই প্রক্রিয়ার বৈধতা নিয়ে উকিল নোটিসের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে আছাদুজ্জামান মিয়া বলেন, “উকিল নোটিসে কী যুক্তি উনি দিয়েছেন, তা এখনও দেখিনি। তবে পুলিশ যা করেছে, জননিরাপত্তার স্বার্থে।”
এক পৃষ্ঠার যে ফরম পূরণ করতে দেওয়া হচ্ছে, সেখানে ভাড়াটিয়ার ছবির পাশাপাশি তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর, পাসপোর্ট নম্বর, ফোন নম্বর, জন্ম তারিখসহ বাসার বাসিন্দা এবং গৃহকর্মী ও ড্রাইভারের তথ্য চাওয়া হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের লোগো সম্বলিত ওই ফরমের ফটোকপি বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আবার তা সংগ্রহ করছেন পুলিশ সদস্যরা।
