২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খান একাডেমির পাঠ এখন বাংলায়

বাংলাদেশি শিক্ষাবিদ উদ্ভাবিত যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান খান একাডেমির পাঠের বাংলা সংস্করণ চালু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 11:33 PM

Updated : 20 Aug 2022, 12:00 PM

মঙ্গলবার ঢাকার একটি হোটেলে  bn.khanacademy.org ঠিকানার ওয়েবসাইটটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

মোবাইল অপারেটর গ্রামীণফোনের সহযোগিতায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের পরিচালিত আরেকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘আগামী’র কর্মীরা ইংরেজি মাধ্যমে প্রচলিত খান একাডেমির ভিডিও লেকচারগুলোর বাংলা অনুবাদের কাজ করেন।

‘সবার জন্য যে কোনো স্থানে বিনামূল্যে বিশ্বমানের শিক্ষা নিশ্চিতের’ লক্ষ্যে ২০০৬ সালে বাংলাদেশি বংশোদ্ভূত উদ্যোক্তা ও শিক্ষাবিদ সালমান খান যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান খান একাডেমি প্রতিষ্ঠা করেন।

খান একাডেমি সব বয়সের সব শিক্ষার্থীর জন্য অনলাইনে বিনামূল্যে বিষয়ভিত্তিক শিক্ষার উপকরণ ও উৎসভিত্তিক সহায়তা দিয়ে আসছে।

নিয়মিত চর্চার অনুশীলনী, নির্দেশনামূলক ভিডিও, ড্যাশবোর্ড বিশ্লেষণ ও শিক্ষক উপকরণসহ আরও কিছু কৌশল রয়েছে খান একাডেমির ওয়েবসাইটে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ও এর বাইরে নিজেদের মতো করে অধ্যয়নের মাধ্যমে ক্ষমতায়নের সুযোগ পায়।

আগামীর কর্মকর্তা দিলরুবা চৌধুরী বলেন, গত ৮ মাসে ২০ লাখ শব্দ ও ৬শ’র বেশি ভিডিও বাংলা ভাষায় রূপান্তর করা হয়েছে। খান একাডেমি রূপান্তরের এ কার্যক্রম এখনও চলছে। সামনের দিনগুলোতে খান একাডেমির বাংলা সংস্করণে আরও বেশি কন্টেন্ট ও অতিরিক্ত অনেক বিষয় যুক্ত হবে।

উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য উন্নত দেশের চেয়ে জ্ঞান চর্চা, দক্ষতা ও যোগ্যতায় বাংলাদেশ পিছিয়ে আছে। তবে এই দূরত্ব দূর করতে নতুন প্রজন্মকে আধুনিক জ্ঞান বিদ্যায় সমৃদ্ধ হতে হবে। এধরনের উদ্যোগ সেই প্রচেষ্টাকে এগিয়ে নেবে বলে আশা করা যায়।

শিক্ষামন্ত্রী বলেন, অনেকেই শিক্ষার উন্নতির বিষয়ে বিভিন্ন উদ্যোগ নিয়ে আসে। সরকারের পক্ষ থেকে এসব উদ্যোগে সহযোগিতা থাকে।

খান একাডেমির ভিডিওগুলো শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনের বিষয়ে তিনি বলেন, এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অনুমোদনটা বেশি গুরুত্বপূর্ণ। সরকারেরও সহযোগিতা থাকবে।  

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি বলেন, “এ মহৎ উদ্যোগের অংশ হতে পেরে গ্রামীণফোন অত্যন্ত গর্বিত। বাংলা ভাষা-ভাষী শিক্ষার্থী ও শিক্ষাবিদরা যে কোনো জায়গায় যে কোনো সময় তাদের হাতের নাগালে উচ্চ মানস¤পন্ন শিক্ষা উপকরণ খুঁজে পাবে।”

আগামীর প্রেসিডেন্ট অধ্যাপক মসিউজ্জামান, গ্রামীণফোনের প্রধান কর্পোরেট কর্মকর্তা মাহমুদ হোসেনসহ অনুবাদক দলের বেশ কয়েকজন সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।