নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কোনো বৈষম্য নয়: স্পিকার
সব ক্ষেত্রে নারীর সুযোগের সমতা ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতে যাতে কোনো ধরনের বৈষম্য না হয় সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেছেন, “নারীদের অধিকার কেউ দেবে না। এটা অর্জন করে নিতে হবে। এই অর্জনের জন্য যথেষ্ট সুযোগ নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। এখানে যাতে কোনো বৈষম্য না হয়।”
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংগঠনটির আয়োজনে নারী দিবস উপলক্ষে ‘গণমাধ্যম ও নারী’ শীর্ষক এক আলোচনা সভায় স্পিকার এ কথা বলেন।
শিরীন শারমিন বলেন, “আমাদের সমাজে একটা ধারণা আছে, নারী মানেই তাকে ক্ষুদ্র ঋণ দিয়ে আত্মকর্মসংস্থানের কাজ করুক। এটা কেন? কেন নারী অন্যান্য ব্যবসায় সুযোগ পাবে না। তাকে সেই সুযোগ দিতে হবে যাতে সে মূলধারায় আসতে পারে।”
বাংলাদেশের প্রথম এই নারী স্পিকার বলেন, “নারীর মূল ধারায় আনতে কোন জায়গায় পরিবর্তন দরকার সেটা চিহ্নিত করতে হবে। অনেকে বলেন, কোটা পদ্ধতির প্রয়োজন কেন? সংসদে সংরক্ষিত আসনের দরকার কী?
“আসলে সমান সুযোগ তৈরি বা মেইন স্ট্রিমিংয়ে যাতে কাজ করতে পারে সেজন্য এটা দরকার। যতক্ষণ মেইনস্ট্রিমিং করা প্রয়োজন ততক্ষণ দরকার।”
গণমাধ্যমে কর্মরত নারীদের উদ্দেশ্যে শিরীন শারমিন বলেন, “নারীদের কর্মক্ষেত্রে যেসব সমস্যা মোকাবেলা হয় তা সব পেশাতেই কমন। সব নারীর জন্যই একটা চ্যালেঞ্জ। আপনারা যারা এ চ্যালেঞ্জিং পেশা (সাংবাদিকতা) বেছে নিয়েছেন তারা চ্যালেঞ্জ জেনেই এ পেশায় এসেছেন।”
গণমাধ্যমে নারীর উপস্থিতিকে ‘ঈর্ষণীয়’ মন্তব্য করে তিনি বলেন, “যেসব সমস্যা আছে সেগুলোকে দূরীভূত করার চেষ্টা অব্যাহত রাখতে হবে। বিষয়গুলো এমন কোনো কঠিন না যে সমাধান নেই।”
স্পিকার কর্মজীবী নারীর শিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার বাড়ানোর পরামর্শ দেন। এছাড়া কর্মক্ষেত্রে নারীদের কর্মঘণ্টা ফ্লেক্সিবল (সহনীয়) করারও তাগিদ দেন।
অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, “নারী প্রকৃতপক্ষে গৃহিনী নয়, সে গবেষক। নারী শিশুদের বড় করে, বৃদ্ধদের দেখভাল করে। ঘরের সমস্ত কাজ সামলায়। নারীদের শিক্ষার হার যত বাড়বে ততবেশি তারা ক্ষমতায়িত হবে। এখানে নারীর নিরাপত্তার বিষয়টিও জরুরি।
“ঘরের সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের দেশে মানুষ অনুপাতে পুলিশের সংখ্যা অনেক কম। প্রত্যেক ঘরে ঘরে নিরাপত্তা দেখা সম্ভব নয়। তবে সরকার এসব বিষয় নিয়ে কাজ করছে। আমাদের গৃহীত পদক্ষেপগুলোতে নারীরা উপকৃত হচ্ছে।”
ডিআরইউ’র নারী বিষয়ক সম্পাদক সুমি খানের সভাপতিত্বে আলোচনায় সংসদ সদস্য ওয়াশিকা আয়শা খান, ডিআরইউ’র সাবেক সহসভাপতি আজমল হক হেলালসহ অন্যরা বক্তব্য রাখেন।
ডিআরইউ’র নারী বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব ঝর্ণা মনি এই আলোচনা সভার সঞ্চালনা করেন।
