২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হল বছরের প্রথম সংসদ অধিবেশন

শেষ হয়েছে চলতি দশম সংসদের নবম অধিবেশন। এটি নতুন বছরের প্রথম অধিবেশন ছিল।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2016, 09:17 PM

Updated : 12 Apr 2022, 01:31 AM

সোমবার রাতে রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

২৭ কার্যদিবসের এই অধিবেশন শুরু হয়েছিল গত ২০ জানুয়ারি। শুরুর দিন সংবিধানের বিধান অনুযায়ী সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

পরে তার ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনেন প্রধান হুইপ আ স ম ফিরোজ। পুরো অধিবেশন জুড়েই সংসদ সদস্যরা ওই ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা করেন।

অধিবেশন শেষ হওয়ার আগে রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করে সংসদ।

অধিবেশনে সরকারি ও বিরোধী দলের সদস্যরা বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করলেও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের সমালোচনা ছিলো সবার উপরে।

২০০৭-০৮ সালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের ‘সরবরাহ করা খবর’ যাচাই না করে ছাপানো কথা  স্বীকার করার পরিপ্রেক্ষিতে সংসদ সদস্যরাও ইংরেজি দৈনিকটির সম্পাদকের বিচার দাবি করেন।

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা ও অনির্ধারিত আলোচনায় তারা ১/১১’র সময়ে মাহফুজ আনামের ভূমিকা উন্মোচনের পাশাপাশি সেই সময়কার কুশীলবদের চিহ্নিতে কমিশন গঠনেরও দাবি জানান।

এছাড়া সাম্প্রতিক সময়ে পুলিশি হয়রানির সমালোচনাও করেন সংসদ সদস্যরা।

সদ্য শেষ হওয়া এই অধিবেশনে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেন।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, এ অধিবেশনে মোট ৯টি বিল পাস হয়। কার্যপ্রণালি-বিধির ৭১ বিধিতে ২৮৫টি নোটিশ পাওয়া যায়। যার মধ্যে ১৫টি  গ্রহণ করা হয়।

৭১ (ক) বিধিতে দুই মিনিটের আলোচিত নোটিসের সংখ্যা ৬০টি।

প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য মোট ৩০০ টি প্রশ্ন পাওয়া যায়, এরমধ্যে তিনি ৮৯ টি প্রশ্নের উত্তর দেন।

বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দেওয়ার মোট চার হাজার ৯২২ টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে মন্ত্রীরা উত্তর দিয়েছেন ৩ হাজার ৪৪৪টির।

রাষ্ট্রপতির ভাষণের ওপর ২১১ জন সংসদ সদস্য ৫৩ ঘণ্টা ৪৬ মিনিট আলোচনা করেন। কার্য উপদেষ্টা কমিটি ৪৫ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নিয়েছিলো।