দুই বিচারকের ব্যাখ্যা চেয়েছে হাই কোর্ট
ঢাকার একটি হত্যা মামলায় অভিযোগপত্র দেওয়ার পর এক বছর পেরিয়ে গেলেও মামলাটি বিচারের জন্য কেন দায়রা আদালতে পাঠানো হয়নি সে বিষয়ে বিচারকের ব্যাখ্যা জানতে চেয়েছে হাই কোর্ট।
আর আসামির বয়স ৫২ বছর হওয়ার পরও রংপুরে এক কিশোরীকে ধর্ষণের একটি মামলা কেন শিশু মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে সে বিষয়েও বিচারকের ব্যাখ্যা চাওয়া হয়েছে।
ঢাকা ও রংপুরে দায়ের হওয়া ওই দুই মামলায় দুই আসামির জামিন আবেদনের শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।
ঢাকার মুখ্য বিচারিক হাকিম এবং রংপুরের অতিরিক্ত দায়রা জজ (প্রথম আদালত) মো. রোকনুজ্জামানকে মামলা দুটির বিষয়ে দশ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলেছে হাই কোর্ট।
সেই সঙ্গে ঢাকার মামলার আসামি আবু তালেব খাঁ এবং রংপুরের মামলার আসামি দেলোয়ার হোসেনের জামিন আবেদন হাই কোর্ট নাকচ করে দিয়েছে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির ও সহকারী অ্যাটর্নি জেনারেল শহীদুল ইসলাম খান।
অন্যদিকে দেলোয়ার হোসেনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, তালেবের পক্ষে ছিলেন আইনজীবী গোপাল চন্দ।
ঢাকার হত্যা মামলা
রাজধানীর কমলাপুর রেল স্টেশনের টিকেট কাউন্টারের সংরক্ষিত ক্যাশ রুমে ২০১৩ সালের ৫ অক্টোবর খুন হন বুকিং সহকারী ইস্রাফিল হোসেন। ওই ঘটনায় স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মামলা করেন।
মামলার নথিপত্রে দেখা যায়, ঘটনার দিনই আসামি আবু তালেবকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৪ সালের ২৮ ডিসেম্বর তালেবসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা।
তালেব ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে গত বছর ২২ নভেম্বর তা খারিজ হয়। ওই আদেশের বিরুদ্ধে তালেব হাই কোর্টে এলে সোমবার বিষয়টি শুনানির জন্য ওঠে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগপত্র দাখিলের পর মামলাটি বিচারের জন্য দায়রা আদালতে যাওয়ার কথা। এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও মামলাটি দায়রা আদালতে না পাঠিয়ে মুখ্য বিচারিক হাকিম আদালতে রাখা হয়েছে।
“এ বিষয়ে দশ দিনের মধ্যে ঢাকার মুখ্য বিচারিক হাকিমকে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলেছে হাই কোর্ট।”
রংপুরের ধর্ষণ মামলা
মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ১২ অক্টোবর রংপুরের পীরগাছায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫২ বছর বয়সী এক প্রতিবেশীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মেয়েটির নানী।
পীরগাছা থানায় মামলা হওয়া পর ওইদিনই দেলোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গত বছর ১৯ অক্টোবর সেই কিশোরী আদালতে জবানবন্দি দেয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন।
আসামি দেলোয়ার হোসেন গত ১৩ জানুয়ারি জামিনের আবেদন করলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মো. রোকনুজ্জামান তা নাকচ করে দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এজহারে লেখা হয়েছে আসামির বয়স ৫২ ও কিশোরীর বয়স ১৫ বছর। অথচ বিচারক মামলাটি শিশু মামলা হিসেবে (শিশু মিছ কেস-১৬৮/২০১৫) গ্রহণ করেন।
“নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলাটি তিনি কোন কর্তৃত্ববলে শিশু মামলা হিসেবে গ্রহণ করলেন সে বিষয়ে দশ দিনের মধ্যে ওই বিচারককে লিখিত ব্যাখ্যা দিতে বলেছে হাই কোর্ট।”
