বিদেশি সংস্থাগুলো একচোখা: ইনু
বাংলাদেশের বিভিন্ন বিষয়ে মন্তব্যকারী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ আন্তর্জাতিক বিভ্ন্নি সংস্থাকে ‘একচোখা’ বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি রোববার সংসদে বলেন, “দেশে গণতন্ত্র নেই, গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ হচ্ছে, মানবাধিকার লংঘন হচ্ছে বলে হৈ চৈ, শোরগোল শুরু করেছে। কিন্তু এই সংস্থাগুলো একাত্তরের নারী হত্যা ও পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার সময় কোনো টু শব্দ করেনি। ওয়ান-ইলেভেনের সময়ও তারা কোনো বক্তব্য-বিবৃতি দেয়নি।
“কিন্তু সেই ওয়ান-ইলেভেনের ঘটনা নিয়ে মাহফুজ আনাম যখনই স্বীকারোক্তি দিয়েছে। আর এটা নিয়ে যখন সমালোচনা হয়েছে, তখন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হৈ চৈ বাঁধিয়ে দিয়েছেন যে, মাহফুজ আনামের সমালোচনা করলে নাকি গণমাধ্যমের সমালোচনা করা হয়। এই বিদেশী সংস্থাগুলো হচ্ছে এক চোখা।”
মতপ্রকাশের অধিকার সবার মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, “সম্পাদকদের অধিকার আছে সরকারের সমালোচনার করার। রাজনীতিবিদ হিসেবে, সংসদ সদস্য হিসেবে, মন্ত্রিপরিষদ সদস্য বা সরকারের একজন কর্মকর্তা হিসেবে আমারও রয়েছে সম্পাদক এবং সাংবাদিকদের সমালোচনা করার। সরকারের সমালোচনা করলে গণতন্ত্র ভেঙে পড়ে না। সম্পাদকদের সমালোচনা করলে গণমাধ্যম ধ্বংস হয়ে যায় না।”
