২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য সাত দিনের সফরে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2016, 12:13 PM

Updated : 12 Apr 2022, 01:31 AM

রোববার সকাল ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

তিন বাহিনীর প্রধান, কূটনৈতিক কোরের ডিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে গত বছর অগাস্টে চিকিৎসার জন্য লন্ডনে যান আবদুল হামিদ। সে সময় মুরফিল্ড আই হসপিটালে তিনি চোখের চিকিৎসা নেন এবং বুপা ক্রোমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করান।

৭৩ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমার সমস্যায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায়ও চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুরে যেতে হতো তাকে।

লন্ডন সফর শেষে আগামী ৭ মার্চ দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।