‘ব্রেস্ট ডিজিজ’ প্রতিরোধে দরকার সামাজিক সচেতনতা: স্পিকার
সামাজিক সচেতনতা ও গবেষণার মাধ্যমে ‘ব্রেস্ট ডিজিজ’ প্রতিরোধে করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেছেন, “জনগণের মধ্যে সামাজিক সচেতনতা সৃষ্টি, যথাসময়ে রোগ নিরূপণ, সঠিক তথ্য প্রদান, আধুনিক চিকিৎসা সেবা প্রদান এবং গবেষণার মাধ্যমে মরণ ব্যাধি ব্রেস্ট ডিজিজ প্রতিরোধে করা সম্ভব।”
শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘বাংলাদেশ ব্রেস্ট সার্জনস অ্যাসোসিয়েশন’ (এবিএসবি) আয়োজিত প্রথম আন্তর্জাতিক ব্রেস্ট ডিজিজ সম্মেলনে এ সব কথা বলেন স্পিকার।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্যসেবা নেওয়ার ক্ষেত্রে বাঙালি সমাজের মেয়েদের পিছিয়ে থাকার বিভিন্ন বিষয় অনুষ্ঠানে তুলে আনেন স্পিকার।
শিরীন শারমিন বলেন, “আমাদের সমাজের মেয়েরা পরিবারের সকলের সেবা করে, কিন্তু নিজেদের সেবা নেওয়ার সুযোগ পায় না। ফলে কঠিন রোগে পড়ে অকালে প্রাণ হারায়। তাই তাদেরকে রোগ গোপন না রেখে সঠিক তথ্য ও সময়মত পদক্ষেপ গ্রহণ করে সুস্থভাবে বেঁচে থাকতে হবে।”
স্বাস্থ্য সেবা নিশ্চিতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন স্পিকার। একই সঙ্গে গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্যসেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে প্রচারণার মাধ্যমে ভূমিকা রাখার আহ্বান জানান।
ব্রেস্ট ডিজিজকে একটি বিশেষায়িত এবং গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে আখ্যায়িত করে তিনি আরও বলেন, “সমাজ বা পরিবারে দীর্ঘদিন বেঁচে থাকাটা মুখ্য বিষয় নয়, সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকাটাই মূল কথা।”
স্পিকার এসময় চিকিৎসক ও রোগীদেরকে পারষ্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উপকৃত হওয়ার পরামর্শ দেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অধ্যাপক সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বিএসএমএমইউ উপাচার্য কামরুল হাসান খান, উপ-উপাচার্য মো. শরফুদ্দিন আহমেদ, এ এফ এম আনোয়ার হোসেন এবং আমিনুল হক জোয়ার্দার বক্তৃতা করেন।
