উত্তরায় গ্যাসের আগুনে এক পরিবারের ৫ জন দগ্ধ
ঢাকার উত্তরার এক বাসার রান্নাঘরের গ্যাসের আগুনে মা-বাবা ও তিন সন্তান দগ্ধ হয়েছেন।
শুক্রবার সকাল ৭টার দিকে ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের একটি সাত তলা ভবনের সপ্তম তলার ফ্ল্যাটে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আতিকুল আলম চৌধুরী জানান।
তিনি বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দগ্ধদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
দগ্ধ পাঁচজন হলেন- গৃহকর্তা মো. শাহনেওয়াজ (৫০), তার স্ত্রী সুমাইয়া আক্তার (৪০) এবং তাদের তিন ছেলে- জারান (দেড় বছর), শাহালিন (১৫) ও জারিফ (১১)।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শাহনেওয়াজের শরীরের ৯৫ ভাগ ও তার স্ত্রীর ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের তিন ছেলের মধ্যে জারিফছাড়া বাকি দুজনেরও শরীরও ৭০ শতাংশের বেশি পুড়েছে। সবার অবস্থাই গুরুতর।”
মোজাম্মেল জানান, আবুল হাসনাত নামের এক ব্যক্তি সকাল ৮টার দিকে ওই পাঁচজনকে হাসপাতালে নিয়ে যান।
“হাসনাত আমাদের বলেছেন, সকালে ওই বাড়ির রান্নাঘর থেকে বিকট শব্দ হয় এবং আগুন ধরে যায়। পরে তা ছড়িয়ে পড়ে।”
ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, ওই বাসার গ্যাসের চুলা বা লাইনে সমস্যা ছিল। এর ফলে রান্নাঘরে গ্যাস জমে যায় এবং সকালে চুলা জ্বালাতে গিয়ে অগ্নিকাণ্ড ঘটে।
দগ্ধ শাহনেওয়াজ যুক্তরাষ্ট্র দূতাবাসে চাকরি করেন বলে পুলিশ জানালেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেনি।
