২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বই শুকানোর ব্যস্ততার পর বিক্রির ধুম

আগের দিনের ঝড়-বৃষ্টির ‘ক্ষত’ নিয়েই বৃহস্পতিবার শুরু হয় অমর একুশে বইমেলা; তবে বই শুকানো আর গোছানো শেষে বেচা-বিক্রিতে ব্যস্ত সময় পার করেন স্টল কর্মীরা।

মাসুম বিল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 09:28 PM

Updated : 11 Oct 2022, 07:49 PM

পুরনো খবর:

বৃষ্টির ক্ষতি পোষাতে সময় বেড়েছে বইমেলার

মেলার ২৫তম দিনের শুরুতে আগের দিন ভিজে যাওয়া বই শুকিয়ে নিতে ব্যস্ত দেখা যায় অনেক স্টলের কর্মীদের। তবে সন্ধ্যা নাগাদ গুছিয়ে নেন তারা।

সারাদিনের রোদে মেলা প্রাঙ্গণের কাদা-পানি শুকিয়েছে। পাশাপাশি মুক্তি মিলেছে বৃষ্টির আগের ধুলো উড়োউড়ি থেকে, যাতে প্রশান্তির আবেশ দেখা গেছে দর্শনার্থীদের মধ্যে।

শুরুর দিকে মেলা প্রাঙ্গণে ঘোরাঘুরির আবহ বেশি থাকলেও শেষ প্রান্তে এসে দেদারছে বিক্রি হয় বই। অনেককে তালিকা ধরে বই কিনতে দেখা যায়।

পাঁচ-ছয়টি ব্যাগে ২০টি বই নিয়ে মেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যাওয়ার পর কথা হয় সমবায় অধিদপ্তরের কর্মকর্তা খোরশেদ আলমের সঙ্গে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেলাতো শেষই হয়ে যাচ্ছে। নিজে ও দুই মেয়ের জন্য বেছে বেছে ২০টির মতো বই কিনেছি।”

বিকালে মেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চের পাশের উঁচু জায়গায় অনেকগুলো বই শুকাতে দিয়ে বাকিগুলো নিয়ে স্টল সাজিয়ে বসেন মিজান পাবলিশার্সের মালিক মিজানুর রহমান পাটোয়ারীসহ বিক্রয়কর্মীরা।

মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝড়ের ঝাপটায় স্টলের সাজসজ্জা নষ্ট হয়েছে অনেকটা, ভিজেছে চারশ’র মতো বই। ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকার মতো হবে।

বিক্রির কথা জানতে চাইলে খুশির ঝিলিক দেখা যায় তার মুখে।

“আগের দুই বছর গণজাগরণ মঞ্চের অবস্থান এবং হরতাল-অবরোধের কারণে বিক্রি তেমন হয়নি, এবার বিক্রি ভালই হচ্ছে। বৃষ্টির কারণে বুধবার একটু বিরতি থাকলেও আজকে বেশি পরিমাণে বিক্রি করার আশা করছি,” বলেন তিনি।

বিকালে একই চিত্র দেখা যায় বাঁধন পাবলিকেশন্সের স্টলে। সামনে কাগজ বিছিয়ে বই শুকাতে দিয়ে স্টল গোছাতে ব্যস্ত দেখা যায় প্রকাশনীর মালিক ও বিক্রয়কর্মীদের।

এর প্রকাশক শেখ শাহারুল আলম শাহি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃষ্টিতে তাদের তিনশ’র মতো বই ভিজে ক্ষতি হয়েছে ৭০ থেকে ৭৫ হাজার টাকার।

“যেসব বই একেবারে ভিজে গেছে সেগুলো শুকাচ্ছি। পশ্চিমমুখী স্টলে আলো আসায় পর্দাও টানাইনি। পানি জমে যাওয়া বইগুলো মুছাইলাম।”

বিক্রি নিয়ে তিনি বলেন, “এমননিতে ১৫ তারিখের পর বিক্রি বাড়ে, তবে বুধবার একটু ছেদ পড়েছে। আজকে বেশি বিক্রির প্রত্যাশা করছি।”

প্রায় একই রকমের চিত্র ছিল বর্ষাদুপুর প্রকাশনীরও; স্টলের ভেতরে ডিসপ্লে’র জায়গায় এবং সামনে চট বিছিয়ে বই শুকাতে দেখা যায় সেখানে।

বর্ষাদুপুর প্রকাশনীর মালিক মাশফিক উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্টলের ভিতরে নিচে ও ডিসপ্লেতে রাখা সব বই ভিজে গেছে, যা মোট বইয়ের ৫০ শতাংশ। এখন শুকাচ্ছি আর স্টল গুছিয়ে নিচ্ছি।”

অন্যদিকে বৃষ্টিতে বই ভিজে যাওয়ায় এবং এবার বিক্রি কম থাকায় মনভার রিদম প্রকাশনীর মালিক গফুর হোসেনের। বৃষ্টির ছাঁটে দুইশ’র মতো বই ভিজে প্রায় ৬০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

গফুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক কর্নারে পড়ার কারণে এবার বিক্রি তেমন হয়নি। আবার বৃষ্টিতে অনেকগুলো বই ভিজে গেছে।”

উঁচু স্থানে ভেজা বইগুলো শুকাতে দিতে দেখা গেছে তার স্টলের সামনে।

এছাড়া পাঞ্জেরি, জয়তী, নওরোজ সাহিত্য সম্ভারসহ অনেকগুলো প্রকাশনীর সামনে বই শুকাতে দিতে দেখা গেছে।

বইমেলার কালি মন্দিরের পাশের কিছু কিছু স্টলের সামনে কাদা জমে ছিল বৃহস্পতিবারও। তাম্রলিপিসহ অনেক প্রকাশনী ইট-বালি বসিয়ে স্টলের দিকে যাওয়ার ব্যবস্থা করে।

সেখানকার ধ্রুপদ নামক প্রকাশনীর সামনে কাদা জমে থাকায় দর্শনার্থীরা স্টলের দিকে ঘেঁষতে পারেননি।

বুধবার ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয় মেলার বেশিরভাগ স্টল। এতে নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর বিকাল সাড়ে ৫টায় মেলার ফটক খুললেও বিভিন্ন স্টলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এক ঘণ্টার মধ্যেই তা বন্ধ হয়ে যায়।

বৃষ্টির ক্ষতি পুষিয়ে নিতে প্রকাশকদের দাবির মুখে বাকি চারদিনের জন্য কয়েক ঘণ্টা বাড়িয়ে মেলার সময়সূচিতে পরিবর্তন এনেছে আয়োজক বাংলা একাডেমি।

বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্র ও শনিবার আগের সময় বেলা ১১টার জায়গায় সাড়ে ১০টায় বইমেলা শুরু হবে, চলবে রাত ৮টা পর্যন্ত।

এছাড়া রবি ও সোমবার বিকাল ৩টার পরিবর্তে বেলা ২টায় শুরু হয়ে আগের মতো রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত শিশু প্রহর থাকবে বলে জানান বাংলা একাডেমির এই পরিচালক।