মেধাবীদের জন্য পিএসসিকে নিষ্ঠাবান হতে বললেন রাষ্ট্রপতি
সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) মেধাবীদের চাকরির সুযোগ দিতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার পিএসসি চেয়ারম্যান ইকরাম আহমেদের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন জমা দিতে গেলে তিনি এ আহ্বান জানান বলে জানিয়েছেন তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতে প্রতিনিধি দল বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক এবং পিএসসির সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
“বিসিএস পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করতে অতীতের চেয়ে কম সময় লাগছে বলেও রাষ্ট্রপতিকে জানান পিএসসি চেয়ারম্যান।”
রাষ্ট্রপতিকে জানানো হয়, নির্দিষ্ট সময়ে ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে পিএসসি বার্ষিক ‘ক্যালেন্ডার’ করছে।
প্রেস সচিব বলেন, “মেধাবীরা যাতে প্রজাতন্ত্রের চাকরিতে সুযোগ পায় সেজন্য পিএসসিকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।”
রাষ্ট্রপতি এসময় পিএসসির কাজে সন্তোষ প্রকাশ করেন বলেও জানান তার প্রেস সচিব।
