২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতাকারীরা সরকারি চাকরি পাবে না: আইজিপি

সরকারপ্রধান সতর্কতা করার পর নাশকতাকারীরা যাতে সরকারি চাকরি না পায় তা নিশ্চিত করতে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2016, 04:03 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

বৃহস্পতিবার রাজধানীতে দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে আন্তঃদেশীয় অপরাধ নিয়ে এক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি।

আইজিপি বলেন, “যারা নাশকতা করে তারা অপরাধী, তারা যেন সরকারি চাকরি না পায় সে বিষয়ে কঠোরভাবে দেখা হবে।”

চাকরিতে থাকা কারো বিরুদ্ধে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, প্রার্থীর সব ধরনের ভেরিফিকেশন শেষে তাকে সরকারি চাকরিতে নিয়োগ করা হয়।”

আগের দিন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবল নিয়োগের ক্ষেত্রে সচেতন থাকতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, “সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা লিপ্ত, যারা অগ্নিসন্ত্রাস ও জঙ্গিবাদী কার্যকলাপে লিপ্ত, তারা যেন একটা সুশৃঙ্খল বাহিনীতে আসতে না পারে, এটা দেখার দায়িত্ব পুলিশ বাহিনীর।

“সেই জামাত-শিবিরের লোক পুলিশ বাহিনীতে ঢোকার ব্যাপারে সচেতন হবে, এটাই আমি আশা করি।”

সার্কভুক্ত দেশগুলোর পুলিশ কর্মকর্তাদের জন্য এই প্রশিক্ষণ কর্মশালায় ভুটান, শ্রীলংকা, মালদ্বীপ ও বাংলাদেশের ১৭ জন অংশ নেন। ভারত বা পাকিস্তানের কোনো প্রতিনিধি কর্মশালায় যোগ দেয়নি। 

শহীদুল হক বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন যেন সুষ্ঠু ও পরিচ্ছন্নভাবে সম্পন্ন হয়, সে পরিবেশ সৃষ্টিতে পুলিশ কাজ করছে।

আন্তর্জাতিক অপরাধ চক্র ও সন্ত্রাসবাদ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র সুসংহত ও প্রসারিত করার উপর জোর দেন তিনি।

“সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাস দুটি ভিন্নমাত্রিক বিষয়। সংঘবদ্ধ অপরাধ, অবৈধ অস্ত্র-মাদক ও মানবপাচার অঙ্গাঙ্গীভাবে জড়িত। কিন্তু সন্ত্রাসবাদ বহুমাত্রিক আঞ্চলিক অপরাধ দ্বার প্রভাবিত।”

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মাইনুর রহমান চৌধুরী ও পুলিশ স্টাফ কলেজের রেক্টর ফাতেমা বেগম উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

জামায়াত-শিবির-জঙ্গিরা যেন পুলিশে ঢুকতে না পারে: প্রধানমন্ত্রী