‘ডিজিটাল দ্বীপ’ হচ্ছে মহেশখালী
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করতে দুটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সরকার।
বুধবার সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়ে বলা হয়, মহেশখালীর বাসিন্দাদের জন্য তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ‘কনভার্টিং মহেশখালী ইনটু ডিজিটাল আইল্যান্ড’ শীর্ষক এই চুক্তি করা হয়েছে।
মঙ্গলবার স্পেনের বার্সেলোনা শহরে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, কোরিয়ার টেলিকম জায়ান্ট কোরিয়ান টেলিকম (কেটি) ও ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব মাউগ্রেশন (আইওএম) এর মধ্যে এবিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি হয়। আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশীদ, কেটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জন জিন উন ও আইওএম’র চিফ অব মিশন শরৎ দাস চুক্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি অনুসারে কেটি উচ্চ গতির ইন্টারনেট ব্যাকবোন অবকাঠামো নির্মাণসহ মহেশখালী ও কক্সবাজার এলাকার মানুষের চাহিদা বিশ্লেষণ করে পর্যটন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ধরনের সেবা নিশ্চিত করবে।
বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস’২০১৬ অনুষ্ঠানের ফাকে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও উপস্থিত ছিলেন।
পলক বলেন, চুক্তির মাধ্যমে সরকার দেশের একটি প্রত্যন্ত ও বিচ্ছিন্ন দ্বীপকে ডিজিটালে পরিণত করতে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে দ্বীপের মানুষের জীবন-মানের উন্নয়ন ঘটানো এই প্রকল্পের লক্ষ্য।
“মহেশখালী দ্বীপের প্রতিটি প্রতিষ্ঠানকে যেমন ব্রডব্যান্ড কানেক্টিভিটির আওতায় নিয়ে আসা হবে, তেমনি ইন্টারনেটের মাধ্যমে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ জীবন ও জীবিকার প্রয়োজনীয় সেবা পাবে মানুষ,” বলেন পলক।
এই উদ্যোগকে মডেল প্রকল্প উল্লেখ করে মন্ত্রী বলেন, ক্রমান্বয়ে অন্যান্য প্রত্যন্ত অঞ্চলেও এধরনের প্রকল্প চালু করা হবে।
